মাঠে নামছেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, একাদশে মেসিসহ থাকছেন যারা

১৭ জুন ২০২৬, ০৬:৫২ AM , আপডেট: ১৭ জুন ২০২৬, ০৯:৫০ AM
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা © সংগৃহীত

অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামা আলবিসেলেস্তেদের সম্ভাব্য একাদশ নিয়ে কয়েকদিন ধরেই চলছে জোর আলোচনা। এরই মধ্যে শুরুর একাদশ প্রায় চূড়ান্ত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির খেলা নিশ্চিত। তবে একাদশের কয়েকটি পজিশন নিয়ে এখনো কিছুটা ভাবনায় রয়েছেন স্কালোনি।

আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর হলো, গোলপোস্টের নিচে থাকছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের আগে ডান হাতের অনামিকা আঙুলে চোট পাওয়ায় তাকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। তবে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন।

রাইটব্যাক পজিশনে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোট কাটিয়ে ফিরেছেন। তাদের মধ্যে একজন শুরু থেকে খেলতে পারেন, তবে ম্যাচের কোনো এক পর্যায়ে অন্যজনকেও মাঠে দেখা যেতে পারে।

আরও পড়ুন: ব্রাজিলের ৬৪ বছরের রেকর্ড ভাঙতে পারবে আর্জেন্টিনা?

রক্ষণভাগে সেন্টারব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর খেলা প্রায় নিশ্চিত। একাদশে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজও। তবে তিনি সেন্টারব্যাক নাকি লেফটব্যাক হিসেবে খেলবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। যদি নিকোলাস ওতামেন্ডি একাদশে থাকেন, তাহলে লিসান্দ্রোকে লেফটব্যাকে দেখা যেতে পারে। আর ওতামেন্ডি বাইরে থাকলে লিসান্দ্রো খেলবেন সেন্টারব্যাকে এবং লেফটব্যাকে সুযোগ পাবেন ফাকুন্দো মেদিনা।

মিডফিল্ডে বড় কোনো চমক রাখছেন না স্কালোনি। রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়েই গড়া হচ্ছে মাঝমাঠ। তাদের সঙ্গে থাকবেন থিয়াগো আলমাদা। অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ের পর আক্রমণভাগে তৈরি হওয়া শূন্যতা পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে আলমাদাকে। প্রয়োজন হলে তিনি নিচে নেমে মিডফিল্ডেও ভূমিকা রাখতে পারবেন।

আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকবেন লাওতারো মার্তিনেজ। অন্যদিকে, সম্প্রতি গোড়ালির চোট কাটিয়ে ওঠা হুলিয়ান আলভারেজকে ম্যাচের শেষ দিকে মাঠে নামানো হতে পারে।

বিশ্বকাপে এবারও আর্জেন্টিনার নেতৃত্বে রয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের সাড়ে তিন বছর পরও তিনি দলের মূল ভরসা। এই ম্যাচের মাধ্যমে মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। এর ফলে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে যৌথভাবে নাম লেখাবেন তিনি। একই রেকর্ডে রয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।

এদিকে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন পোল্যান্ডের রেফারি শিমোন মারচিনিয়াক। যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ম্যাচেও দায়িত্ব পালন করেছিলেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে এরই মধ্যে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে পৌঁছে গেছে আর্জেন্টিনা দল। সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার অভিযান।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9