এনামুল হক বিজয় © সংগৃহীত
ম্যাচ ফিক্সিং ইস্যুতে গত দুই বছর ধরেই আলোচনায় এনামুল হক বিজয়। এই অভিযোগের কারণে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটেই নেওয়া হয়নি তাকে।
এদিকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বিসিএল ওয়ানডে ফরম্যাটের ফাইনাল। এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন তারকা এই ওপেনার। কিন্তু বিপিএলে খেলতে না পারায় ক্ষোভ ও সম্মানহানির অভিযোগে ঘরোয়া এই টুর্নামেন্টে দেখা যায়নি তাকে। কিন্তু বিপিএল শেষের দুই মাস পার হলেও যথাযথ সমাধান না হওয়ায় হতাশ বিজয়।
তার দাবি, কোনো প্রমাণ ছাড়াই ফিক্সিং অভিযোগে তার নাম জড়ানো হয়েছে।
বিসিবির কাছে বারবার সমাধান চেয়েও কোনো উত্তর পাননি তিনি। এই পরিস্থিতিতে বিজয় বলছেন, প্রাপ্য সম্মান ফিরে না পেলে আর ক্রিকেটে ফিরবেন না তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) হোম অব ক্রিকেটে বিজয় বলেন, 'আমার ক্রিকেট খেলার দরকার নাই। সম্মানের জন্যই ক্রিকেটে আসা। সম্মান না পেলে খেলব না আর। জাতীয় দলে ১০-১২ বছর ধরে খেলছি। অনূর্ধ্ব-১৯ দল, এ দলের অধিনায়কত্ব করেছি। ফার্স্টক্লাস ক্রিকেটে ৫১টা সেঞ্চুরি আছে। আমি তো উড়ে এসে জুড়ে বসা প্লেয়ার না।'
এদিকে আগের বিপিএলে তার বকেয়া পারিশ্রমিক নিয়ে জটিলতাও সমাধান হয়নি। পাশাপাশি ক্রিকেটের বাইরে থাকায় অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তিনি। এ নিয়ে আক্ষেপ ঝরল তার কণ্ঠে।
তার ভাষ্য, 'আমি দোষ করলে বলুক। প্রকাশ করুক। দোষ করলে আমি তো এত কনফিডেন্ট থাকতাম না। আমার পেমেন্টও বাকি বিপিএলের। কোনো টুর্নামেন্ট খেলছি না। কোনো আয় নেই। বিসিবির দ্বারে দ্বারে ঘুরছি, তারা কোনো সমাধান দিচ্ছে না।'