আজ রাতে বিটিভিতে ‘ইত্যাদি’

০৫ জুন ২০২৬, ০৭:০৪ PM
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি © সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব আজ শুক্রবার (৬ জুন) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এবারের পর্ব ধারণ করা হয়েছে প্রাচীন জনপদ নরসিংদী জেলাকে। প্রকৃতি, প্রত্নতত্ত্ব, লোকজ ঐতিহ্য ও জনজীবনের বৈচিত্র্যে সমৃদ্ধ এই জেলাকে ঘিরেই সাজানো হয়েছে এবারের আয়োজন। 

নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে ‘ইত্যাদি’র আয়োজন করে আসছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি কখনোই কোনো ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান, পার্ক, রিসোর্ট বা সাধারণ খোলা মাঠে ধারণ করা হয় না। বরং প্রতিটি পর্বের স্থান নির্বাচনে গুরুত্ব পায় ওই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনগুরুত্বপূর্ণ দিকগুলো। সেই ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে প্রাচীন জনপদ নরসিংদীকে।

এবারের মঞ্চ নির্মাণ করা হয় রায়পুরা উপজেলার রামনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। অনুষ্ঠান ঘিরে গোটা নরসিংদীতেই তৈরি হয়েছিল উৎসবের আবহ। 

অনুষ্ঠানে থাকছে দুটি বিশেষ গান। যার একটি গেয়েছেন নরসিংদীরই কৃতিসন্তান ইমন চৌধুরী ও তাঁর দল ‘বেঙ্গল সিম্ফনি’। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনীতে এই ফোক-ফিউশনধর্মী গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই। মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে চিত্রায়িত এ গানটি দর্শকদের মনে নিশ্চিতভাবেই দোলা দেবে। 

অন্যদিকে, অনুষ্ঠানের শুরুতেই নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা নিয়ে থাকছে একটি জমকালো পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় এই গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের চমৎকার এই পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

ইত্যাদির দর্শকপর্বের নিয়ম মেনে, ধারণস্থান নরসিংদীকে নিয়ে করা কুইজের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ৪ জনকে বিজয়ী নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে এই নির্বাচিত দর্শকরা নরসিংদীর বিখ্যাত ঐতিহ্যবাহী পণ্য নিয়ে তৈরি একটি নাট্যাংশে অংশ নেন। এবারের পর্বে রয়েছে কয়েকটি অনবদ্য প্রতিবেদন। রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল উয়ারী-বটেশ্বর এবং নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। 

এ ছাড়াও থাকছে নরসিংদীর ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং ‘প্রাচ্যের ম্যানচেস্টার’-খ্যাত বাবুরহাটকে নিয়ে একটি বিশেষ আয়োজন। রয়েছে নরসিংদীর জিআই পণ্য অমৃতসাগর কলা ও লটকান ছাড়াও কলম্বো লেবু নিয়ে বিশেষ প্রতিবেদন। পাশাপাশি থাকছে জেলার কয়েকজন কীর্তিমান ও স্মরণীয়-বরণীয় ব্যক্তিত্বের ওপর তথ্য। রয়েছে খুলনা জেলার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব বৃদ্ধ চিত্তরঞ্জন মহালদারকে নিয়ে একটি  প্রতিবেদন।

যথারীতি থাকছে বিদেশি প্রতিবেদনও। থাকছে কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির আড্ডা! ইত্যাদির নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশকিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। ভাংতি সংকট, ফাঁকা আওয়াজ, ভ্যান অ্যাম্বাসাডর, বড় ভাই-ছোট ভাই তর্ক এবং সম্পর্ক, দুর্নীতি ভীতি ও চাকরিপ্রীতি, প্রাকৃতিক সৌন্দর্য, পথভ্রষ্ট মানুষ, জনতার ব্যবহার, চাঁদের কলঙ্ক নিয়ে কৃষকদের চিন্তাসহ বেশ কয়েকটি নাট্যাংশ।

ট্যাগ: ইত্যাদি
সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬