চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয় প্রধানরা

১১ নভেম্বর ২০২৬, ১২:০৬ AM
 চুয়েট

চুয়েট © টিডিসি ছবি

উপাচার্য পুনর্বহালের দাবিতে চলা আন্দোলনের জেরে দীর্ঘ ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। ইতিমধ্যে বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা ধাপে ধাপে চালু হলেও অনিশ্চয়তা কাটেনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সব বিভাগ। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর (সোমবার) পানিসম্পদ কৌশল বিভাগ ছাড়া  অন্য সব বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষের (লেভেল-২, টার্ম-২) চূড়ান্ত পরীক্ষা শেষ হয়। ওই দিন বিকেলেই তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পদ থেকে অপসারণ করা হলে তাঁকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করলে পুরোপুরি স্থবির হয়ে পড়ে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম।

পরবর্তীতে দীর্ঘ ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর থেকে ধাপে ধাপে বিভিন্ন বর্ষের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়। পূর্ববর্তী একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গত ১৪ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো ক্লাসে ফিরতে পারেননি তাঁরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে কথা বলে কিছু বিভাগে আগামী ১৫ নভেম্বর (রবিবার) থেকে ক্লাস শুরুর তথ্য পাওয়া গেছে।

কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর বলেন, দ্রুত ক্লাস শুরু করার জন্য শিক্ষার্থীরা তাঁর কাছে আবেদন করেছেন। এর প্রেক্ষিতে তিনি বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে আলোচনা করে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে ১৫ নভেম্বর (রবিবার) থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সরাসরি দেখা করার কথা বলেন।

যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল ভূঁইয়া জানিয়েছেন, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিনের সাথে আলোচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ নভেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও উত্তরবঙ্গসহ দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের সুবিধা এবং অন্যান্য বিভাগের সাথে সামঞ্জস্য রাখার বিষয়টি বিবেচনা করে আগামী রবিবার (১৫ নভেম্বর) থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক বলেন, পুরকৌশল বিভাগে আগামী রবিবার (১৫ নভেম্বর) ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. জাহেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাঁর কাছে আবেদন জমা দিয়েছে। এ বিষয়ে বিভাগে একটি মিটিং করা হবে। মিটিংয়ে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ জানান, স্বাভাবিক নিয়মে রেজিস্ট্রেশন ছাড়া ক্লাস নেওয়া সম্ভব নয়। তবে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় রেজিস্ট্রার ও উপাচার্য সংক্রান্ত কিছু বিষয় জড়িত থাকায়, ডিনদের সাথে আলোচনা করে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রসেনজিৎ দাশ জানান,  শিক্ষার্থীরা আবেদন করায় তিনি তা ডিন অফিসে ফরওয়ার্ড করেছেন। পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে রবিবার থেকে ক্লাস শুরু করা যেতে পারে বলে ডিন অফিস থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুনুর রশিদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা জানান, ২৩ ব্যাচ থেকে আবেদন করা হয়েছে। আগামীকাল (১১ নভেম্বর) তাঁরা মিটিং করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার (১৫ নভেম্বর) থেকে ক্লাস শুরু হতে পারে।

স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী জানান, আগামী সপ্তাহে লেভেল-২, টার্ম-২ এর ফলাফল প্রকাশ করা হবে। তৃতীয় বর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে উপাচার্যের অনুমোদন প্রয়োজন, তবে এ বিষয়ে তাঁর কাছে কোনো নির্দেশনা নেই। এ ব্যাপারে তিনি স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিনের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট  সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন তিনি।

এদিকে আগামী ১৭ নভেম্বর থেকে পানিসম্পদ কৌশল বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের লেভেল-২,টার্ম-২ অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।

ট্যাগ: চুয়েট
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950