পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়ান মো. জাহিদ আলী রাজার বিরুদ্ধে © টিডিসি সম্পাদিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পুনঃভর্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত কর্মচারী মো. জাহিদ আলী রাজা বিভাগের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত।
এ ঘটনায় বিভাগের বিভিন্ন ব্যাচের অন্তত ২০ জন শিক্ষার্থী পুনঃভর্তির জন্য টাকা জমা দিয়েও ভর্তি সম্পন্ন করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। ফলে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার পরও তাঁদের ছাত্রত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষার্থী ও বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভাগের বিভিন্ন ব্যাচের প্রায় ৩৭ জন শিক্ষার্থী রিটেক পরীক্ষায় অংশ নিতে পুনঃভর্তির আবেদন করেন। এ সময় পুনঃভর্তির কাগজপত্র জমা নেওয়া থেকে শুরু করে ভর্তি-সংক্রান্ত বিভিন্ন কাজের দায়িত্বে ছিলেন অভিযুক্ত কর্মচারী মো. জাহিদ আলী রাজা।
অভিযোগ রয়েছে, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তির টাকা সংগ্রহ করলেও তা ব্যাংকে জমা দেননি। এতে অন্তত ২০ জন শিক্ষার্থীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ছাড়া সিভিলের ল্যাব টেস্টের টাকা ও মানোন্নয়ন পরীক্ষার অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। পাশাপাশি শিক্ষকদের ১৬টি পারিতোষিক ভাতা আটকে রাখার অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের সন্দেহ এড়াতে অভিযুক্ত কর্মচারী উপস্থিতি তালিকায় নাম অন্তর্ভুক্ত করতেন। ফলে তাঁরা নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারলেও প্রকৃতপক্ষে পুনঃভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পরবর্তী সময়ে ফলাফল প্রকাশের সময় কয়েকজন শিক্ষার্থী জানতে পারেন, তাঁদের পুনঃভর্তি সম্পন্ন হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের নথিতে তাঁরা শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্ত নেই। পরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁরা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘পুনঃভর্তির জন্য অফিসে গেলে জাহিদ ভাই আমাকে প্রক্রিয়া সম্পর্কে জানান। ম্যামের স্বাক্ষরসহ আবেদনপত্র রেজিস্ট্রার অফিস ও বিভাগে জমা দিতে বলেন। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার পুনঃভর্তির নোটিশ এসেছে। এ জন্য টাকা নিয়ে যেতে বলেন। তাঁর কথামতো টাকা ও প্রয়োজনীয় তথ্য একটি খামে করে তাঁর কাছে জমা দিই। তিনি আশ্বস্ত করেন, টাকা জমা দিয়ে পুনঃভর্তির প্রক্রিয়া সম্পন্ন করে দেবেন।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘কিন্তু পরবর্তী সময়ে তিনি টাকা জমা দেননি। বিষয়টি নিয়ে আমাকে বেশ কিছুদিন ঘোরাতে থাকেন। উপস্থিতি তালিকায় নাম থাকায় এবং সেমিস্টার পরীক্ষায় অংশ নিতে পারায় আমি ভেবেছিলাম, আমার পুনঃভর্তি সম্পন্ন হয়েছে। পরে জানতে পারি, আমার পুনঃভর্তি হয়নি।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘পুনঃভর্তির জন্য জাহিদ ভাইয়ের কাছে গেলে তিনি একটি আবেদনপত্র লিখে দিতে বলেন এবং বাকি কাজ তিনি দেখবেন বলে আশ্বস্ত করেন। পরে তিনি আমার কাছে আট হাজার টাকা চান। আমি তাঁকে সেই টাকা দিই। কিন্তু এখন জানতে পারছি, আমার পুনঃভর্তি সম্পন্ন হয়নি। তিনি ব্যাংকে টাকা জমা দেননি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘পুনঃভর্তির জন্য জাহিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি আবেদনপত্র লিখে জমা দিতে বলেন। কয়েক দিন পর তিনি আমার ভর্তির নোটিশ দেখিয়ে টাকা জমা দিতে বলেন। নোটিশে নিজ নিজ বিভাগের মাধ্যমে টাকা জমা দেওয়ার কথা উল্লেখ থাকায় আমি তাঁর কাছেই টাকা জমা দিই। পরে উপস্থিতি তালিকায় নাম আসে এবং নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারি। তাই ভেবেছিলাম, আমার পুনঃভর্তি সম্পন্ন হয়েছে। এখন জানতে পারছি, ব্যাংকে টাকা জমা না দেওয়ায় আমার পুনঃভর্তিও সম্পন্ন হয়নি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহিদ আলী রাজা বলেন, ‘আমি পানিশমেন্টের মধ্যে আছি। বিভাগ থেকে বলা হয়েছে, আপাতত আমি অফিস করতে পারব না। আমি আপনার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। নিউজ হলে তো খারাপ হয়ে যাবে। আমি বেশ কয়েকজনের টাকা ফেরত দিয়েছি।’
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাহমিনা তাসনীম নাহার বলেন, ‘আমরা বিভাগের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। আশা করছি, প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিভাগের নিরাপত্তার স্বার্থে আমরা তাঁকে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বলেছি। বিভাগের নিরাপত্তার স্বার্থে তাঁকে বিভাগের অফিস করতে নিষেধ করেছি। শিক্ষার্থীদের ছাত্রত্ব নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়েও প্রশাসনকে অবগত করেছি।’