চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনল ইউজিসির কমিটি, সাবেক উপাচার্যকে পুনর্বহাল দাবি

২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ PM
চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন ইউজিসির পরামর্শক কমিটির সদস্যরা

চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন ইউজিসির পরামর্শক কমিটির সদস্যরা © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের পরামর্শক কমিটি। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানান তারা।

এ সময় আলোচনার ভিত্তিতে পরিস্থিতির উন্নয়নে সরকারকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন কমিটির সদস্যরা। সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। 

বিকেলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও তাঁদের মতবিনিময়ের কথা রয়েছে।  পরামর্শক কমিটির নেতৃত্বে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন। কমিটির সদস্যসচিব ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। 

এ ছাড়া কমিটিতে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

শিক্ষকদের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান ও আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেছেন বলে জানিয়েছেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি নিয়ে কমিটির কাছে শিক্ষকদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে লিখিত নথিপত্র দেওয়ার পাশাপাশি মৌখিকভাবেও তাঁদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।’

অধ্যাপক রাশিদুল হাসান আরও বলেন, ‘কমিটি শিক্ষকদের বক্তব্য শুনেছেন। তারা আশা করছেন, আলোচনায় উঠে আসা বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হবে। এর মধ্য দিয়ে অচলাবস্থা নিরসনে দ্রুত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।’

আরও খবর: ৩৬ দিনের অচলাবস্থা কাটিয়ে চুয়েটের আংশিক শিক্ষা কার্যক্রম চালু

শিক্ষার্থীদের পক্ষ থেকেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী গোলাম মুর্শেদ রাতুল বলেন, ‘শুরু থেকেই তারা অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় রয়েছেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একই দাবিতে আন্দোলন করছেন। আজকের বৈঠকে তাদের সেই অবস্থানের কথা কমিটিকে জানানো হয়েছে।’

মতবিনিময় শেষে ইউজিসির সদস্য ও পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘চুয়েটের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজতে এ পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। প্রথম দিনে তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।’

তিনি বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যও শোনা হবে। সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন, যাতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির উন্নতি হয়।’

জাতীয়কৃত কলেজ শিক্ষকদের সংশোধিত বিধির গেজেট প্রকাশ, সুযোগ ন…
  • ২৮ অক্টোবর ২০২৬
আগের স্কেলেই শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
ফ্যাসিবাদ, স্বৈরাচার আর নতুন চাঁদাবাজ মিলেমিশে একাকার হয়ে …
  • ২৮ অক্টোবর ২০২৬
আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিনে নিয়োগ, বেতনের সাথে থাকছে অন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
সাদমান-হৃদয়ের ব্যাটে আরেকটি স্বস্তির সেশন
  • ২৮ অক্টোবর ২০২৬
ইবিতে হলে প্রবেশে ‘অঘোষিত সান্ধ্য আইন’, ক্ষুব্ধ শিক্ষার্থীর…
  • ২৮ অক্টোবর ২০২৬