দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শহীদ তিতুমীর হলের গণরুমের সিট বণ্টনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের একাধিক নেতাকর্মীর সম্পৃক্ততার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহীদ তিতুমীর হলের গণরুমের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শাহজাহান ও ছাত্রদল কর্মী তামিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল কর্মী বায়েজিদ। এ সময় বায়েজিদের সঙ্গেও তামিমের কথা-কাটাকাটি হয়।
পরে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় বায়েজিদের ওপর কয়েকজন ছাত্রদল নেতাকর্মী চড়াও হন বলে অভিযোগ উঠেছে। এ সময় তামিমের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী বায়েজিদকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনকে বায়েজিদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা ও ঘটনার পুরো প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, ঘটনার জেরে শহীদ তিতুমীর হলের সামনে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে ফের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন, ‘আজকে আর্কিটেকচার বিভাগের বিক্ষোভের সময় এদিকে ছিলাম। পরে মারামারির খবর পাই। সেখানে গিয়ে দুই পক্ষকে শান্ত করি। আগামীকাল তদন্ত কমিটি গঠন করা হবে এবং জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’