জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব © টিডিসি ছবি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয়-২৪ হলে আসন বরাদ্দে অনিয়ম ও বৈধ শিক্ষার্থীদের আসন বণ্টনে বিলম্বের অভিযোগ উঠেছে হল প্রশাসনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, হলে বেশ কিছু আসন খালি থাকা সত্ত্বেও নিয়ম অনুযায়ী সেগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে না। বরং পরিচিতি ও সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে কেউ কেউ খালি আসনে উঠছেন এবং আসন পরিবর্তন করছেন।
গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে হল প্রশাসনের জারি করা নোটিশে বৈধ আসন বণ্টনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। পরবর্তীতে ৯ ফেব্রুয়ারি প্রকাশিত নোটিশে মোট ১৩২টি আসনের বিপরীতে বৈধ শিক্ষার্থীদের তালিকার পাশাপাশি আরও ১৮টি নতুন আসন বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়।
তবে শিক্ষার্থীদের দাবি, কয়েকজন সিনিয়র শিক্ষার্থী হল ছেড়ে যাওয়ার পর বর্তমানে হলে প্রায় ৩০টি আসন খালি রয়েছে। এসব আসন নিয়ম অনুযায়ী বরাদ্দ না হওয়ায় দীর্ঘদিন ধরে আবেদন করে অপেক্ষমাণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
এদিকে গত ৩০ আগস্ট হল প্রশাসনের জারি করা এক নোটিশে বলা হয়, হল কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে আসন বরাদ্দ, হলের কক্ষে অবস্থান কিংবা কক্ষ ব্যবহারের সুযোগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রমের সঙ্গে কেউ জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
ফিশারিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিসাদ মাহমুদ বলেন, আমি প্রায় এক বছর আগে হলে আসনের জন্য আবেদন করেছি। আমার পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় হলে থাকার প্রয়োজন ছিল। কিন্তু হলে আসন থাকা সত্ত্বেও আমি আমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। শুনেছি, কেউ কেউ পরিচিত জুনিয়রদের হলে আসন দিচ্ছেন। হলে সিট থাকা সত্ত্বেও আবেদন করার পরও কেন আসন পাচ্ছি না, প্রশাসনের কাছে এর জবাব চাই।
ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, আমরা দীর্ঘদিন ধরে হলে আসনের জন্য আবেদন করে অপেক্ষা করছি। কিন্তু এখনো আসন পাচ্ছি না। অন্যদিকে বিভিন্ন পরিচয়ে ও নিয়মবহির্ভূতভাবে কেউ কেউ হলে উঠছেন বলে আমরা দেখছি। হল প্রশাসন এ বিষয়ে দীর্ঘদিনেও কার্যকর ব্যবস্থা নেয়নি। আমরা দ্রুত একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় আসন বরাদ্দের দাবি জানাই এবং অবৈধভাবে আসন দখলের ঘটনার নিন্দা জানাই।
অভিযোগের বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. ফরহাদ আলী বলেন, আমরা বিষয়গুলো জানতে পেরেছি। এর পরিপ্রেক্ষিতে হলের শিক্ষার্থীদের সঙ্গে বসব। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বাকি খালি আসনগুলোতে খুব শিগগিরই আসন বণ্টন করা হবে।