যশোর-চৌগাছা মহাসড়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় অতিবৃষ্টি ও বাতাসের কারণে গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে চৌগাছা থানার সাথে যশোর শহরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। যবিপ্রবি ছাত্রলীগের কয়েকজন কর্মী রাস্তা থেকে গাছ অপসারণ করলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার সকাল থেকে কয়েক বার বৃষ্টির কারণে যশোর-চৌগাছা মহাসড়কের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে গাছ উপড়ে পড়ে। গাছ উপড়ে পড়ার ফলে যশোর শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোগান্তিতে পড়ে কয়েক হাজার মানুষ, আটকে পড়ে রাস্তার দুপাশে শতাধিক যানবাহন।
সাধারণ মানুষের ভোগান্তি বুঝতে পেরে যানজট নিরসন করার জন্য যবিপ্রবি ছাত্রলীগের শহীদ মসিয়ূর রহমান হল শাখার সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর নেতৃতে কয়েকজন ছাত্রলীগ কর্মী নিজ হাতে গাছটিকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়। ছাত্রলীগের নেতৃতে এ কাজে অংশ নেয় যবিপ্রবির আনসার সদস্যরা এবং স্থানীয় জনগণ।
এ সম্পর্কে ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, ‘সারাদেশে ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ধরনের সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, আমরা যবিপ্রবি ছাত্রলীগ দেশের যে কোনো মুহূর্তে এমন সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখব’।
উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণাধীন কাজ ও প্রকল্পের জন্য রাস্তার পাশে রাখা হয়েছে ইট, বালি, খোয়া ও বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী। এতে বিঘ্নিত হচ্ছে রাস্তার স্বাভাবিক চলাচল, দেখা দিচ্ছে ছোট-বড় অনেক সমস্যা, বাড়ছে যানবাহন চলাচলে ভোগান্তি।