নগদের দায়িত্ব বুঝে নিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

২২ আগস্ট ২০২৪, ১১:২৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
নগদের লোগো

নগদের লোগো © ফাইল ছবি

মোবাইলে আর্থিক সেবা ‘নগদ’ পরিচালনায় প্রশাসক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে নগদ কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বুঝে নেন। এখন থেকে তারাই নগদের কার্যক্রম পরিচালনা করবেন। তবে প্রতিষ্ঠানটির সামগ্রিক বিষয়গুলো পুরোপুরি বুঝতে আরও সময় লাগবে তাদের।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসকরা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল হয়ে গেল। এখন কেন্দ্রীয় ব্যাংকের অধীনে প্রতিষ্ঠানটির পুরো নিরীক্ষা করা হবে। এ কাজ শেষ করতে সময়ের প্রয়োজন। নিরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির ভাগ্য নির্ধারিত হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

দেশে মোবাইল ফোনে আর্থিক সেবায় (এমএফএস) বিকাশের পরই এখন নগদের অবস্থান। তবে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নানা প্রক্রিয়া যথাযথভাবে মেনে চলেনি বলে অভিযোগ রয়েছে। ডাক বিভাগের সেবা বলা হলেও আদতে এতে সরকারের কোনো অংশীদারত্ব নেই। নগদের মালিকানায় বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজওয়ানা নূর, সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও রাজী মোহাম্মদ ফখরুল। ২০১৭ সালের ডিসেম্ববে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মোবাইলে আর্থিক সেবা পরিচালনার জন্য থার্ড ওয়েভকে কাজ দেয়।

আরও পড়ুন: নগদের বোর্ড ভেঙে প্রশাসক বসালো সরকার

২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন। পরে বিভিন্ন সময়ে এর মালিকানায় যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। যথাযথ গ্রাহক তথ্য যাচাই (কেওয়াইসি) ছাড়াই মোবাইল গ্রাহকদের নিজস্ব গ্রাহক বানিয়ে ফেলার সুযোগ পায় নগদ। সরকারের সব ভাতা বিতরণেরও একচ্ছত্র সুবিধা পায় প্রতিষ্ঠানটি। ফলে সরকারি ভাতা পেতে নগদের গ্রাহক হওয়া বাধ্যতামূলক হয়ে যায়। নগদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন তানভীর আহমেদ, নিয়াজ মোর্শেদ ও মারুফুল ইসলাম।

এর আগে বুধবার বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্লাহ, পলাশ মন্ডল, আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপপরিচালক চয়ন বিশ্বাস ও আইয়ুব খানকে সহায়ক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, ডাক বিভাগের সেবা নগদ তাদের পক্ষে বাংলাদেশ ব্যাংক সেবাটি পরিচালনা করবে।

আরও পড়ুন: দেশের অর্থনীতির অবস্থা জানাতে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগদ। প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ এক বিবৃতিতে জানান, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। নগদকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে যে অপপ্রচার চলছিল, এর মাধ্যমে তার অবসান হবে বলে আমরা বিশ্বাস করি।

গত কয়েক দিন অপপ্রচারের এ সকল বিষয় নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছিলাম। অবশেষে তারা প্রশাসক নিয়োগের মতো একটা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। দেশের ক্যাশলেস যাত্রায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

আরো বলা হয়েছে, এর আগে কয়েকটি ব্যাংকসহ দেশের আর্থিকখাতের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান এবং শীর্ষ মোবাইল অপারেটরেও সরকার প্রশাসক নিয়োগ করেছিল। আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে একটা গোষ্ঠী নগদ নিয়ে যেভাবে চক্রে মেতে উঠেছিল তা বন্ধ হবে। নগদ বিশ্বাস করে, গত পাঁচ বছরের গ্রাহক সেবায় নগদ যেভাবে শীর্ষে ছিল, সেভাবেই শীর্ষেই থাকবে জানানো হয়েছে একই বিবৃতিতে।

মন্ত্রিসভায় ৫ আইনের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
  • ২৫ মার্চ ২০২৬
বিএনপি নেতার বাসা থেকে কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 
  • ২৫ মার্চ ২০২৬
উপজেলা ও পৌরসভা নির্বাচন শিগগিরই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
  • ২৫ মার্চ ২০২৬
পঞ্চগড়-১ আসনের দরিদ্র মানুষের ১০ লাখ টাকার হিসাব চাইলেন সার…
  • ২৫ মার্চ ২০২৬
শিক্ষানবিশ ৪ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence