আপনি চাইলেই এখন নিজের ভাষায় যেকোন দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন। এর জন্য ইংরেজি কিংবা ঐ দেশের ভাষা কোনটাই জানা থাকা লাগবে না। যোগাযোগের এমনই এক ডিজিটাল প্ল্যাটফর্ম উন্মুক্ত করতে যাচ্ছে মার্কিন ব্যবসায়িক যোগাযোগ প্রতিষ্ঠান আভায়া হোল্ডিংস কর্পোরেশন। উন্মুক্ত করার আগে ‘লাইভ ভয়েস ট্রান্সলেশন’ নামের এই প্রযুক্তিটির ডেমো দেখিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
রোববার গিটেক্স টেকনোলজি উইক-এ নতুন এই প্রযুক্তি দেখিয়েছে আভায়া। প্রতিষ্ঠনটির এক মুখপাত্র জানান, নতুন এই প্রযুক্তি উন্মুক্ত করা হলে প্ল্যাটফর্মটিতে গ্রাহক তার স্থানীয় ভাষায় টাইপিং বা কথা বলতে পারবেন। আর অন্য প্রান্তে থাকা গ্রাহক তার স্থানীয় ভাষায় তা দেখতে পারবেন এবং নিজের ভাষায় উত্তর দিতে পারবেন।
মুখপাত্র দাবি করেন, লাইভ ভয়েস ট্রান্সলেশন ইভেন্টে অংশ নেওয়া ১০ হাজারের বেশি ভাষায় কথা বলা আড়াই কোটি আন্তর্জাতিক দর্শনার্থীর একে অপরের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ এবং নিজেদের ধারণা শেয়ার করার কাজে লাগতে পারে এই প্রযুক্তি ।
আভায়া ভাইস প্রেসিডেন্ট ফ্রেডরিক স্যাবটি বলেন, বাজারের শীর্ষস্থানে থাকায় এটা প্রতিষ্ঠানের দায়িত্ব মানব-কেন্দ্রিক উদ্ভাবনকে সামনে আনা যাতে শুধু ব্যবসাই নয় “সমাজে এর ইতিবাচক প্রভাব” পড়ে।