প্রতীকী ছবি © সংগৃহীত
খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ও মার্চেন্টের লাইসেন্স পেতে এবং তা নবায়ন করতে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা রাখতে হবে। লাইসেন্স ইস্যু ও নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআরভিত্তিক লেনদেন অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
দেশের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণের লক্ষ্যে এ ব্যবস্থা কার্যকর করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এ নির্দেশনা গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের দেওয়া একটি স্মারকের পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত ১ জুলাই থেকে সারাদেশে বাংলা কিউআর কার্যক্রম চালু করেছে। এর আগে দেশের সব মার্চেন্ট পয়েন্টে বিদ্যমান নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর চালুর নির্দেশও দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ১ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে দেশের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ও মার্চেন্টের লাইসেন্স ইস্যু ও নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নির্দেশনাটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট জেলার ইউনিয়ন পরিষদগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোয় বাংলা কিউআরভিত্তিক লেনদেন নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বাংলা কিউআর একটি অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে বিভিন্ন অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও পেমেন্ট অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা লেনদেন করতে পারেন।