৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণকাজ শুরু

৩০ আগস্ট ২০২৬, ০২:২৭ PM
লালদিয়া টার্মিনাল উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যরা

লালদিয়া টার্মিনাল উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ অন্যরা © টিডিসি

৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের মূল নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) লালদিয়া টার্মিনাল এলাকায় গ্রাউন্ড ব্রেকিংয়ের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে নির্মিতব্য টার্মিনালটি তিন বছরে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

বন্দর সূত্র জানায়, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতির এই প্রকল্পে মোট বিনিয়োগ ধরা হয়েছে ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা দেশের অন্যতম বৃহৎ পিপিপি বিনিয়োগ। ৪৯ দশমিক ১৫ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এই টার্মিনাল। এর মধ্যে মূল অংশে ৩২ একর, কন্টেইনার ইয়ার্ডে ৭ দশমিক ১৫ একর এবং ট্রাক পার্কিং ও প্রি-গেট সুবিধার জন্য ১০ একর জায়গা বরাদ্দ রাখা হয়েছে। ৬১৬ মিটার দীর্ঘ জেটিসমৃদ্ধ এই টার্মিনালে বছরে ৮ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে। প্রকল্পটির নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন বছর।

চুক্তি অনুযায়ী, ২০৩০ সাল থেকে পরবর্তী ৩০ বছর এটি পরিচালনা করবে ডেনিশ কোম্পানি ‘এপিএম টার্মিনালস’। চুক্তির শর্ত সঠিকভাবে পালিত হলে পরিচালনার মেয়াদ আরও ১৫ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে; অর্থাৎ সর্বোচ্চ ৪৮ বছর টার্মিনালটি ডেনিশ প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ ও শাহজাহান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনার কাছে অবস্থিত লালদিয়া চরে গড়ে উঠছে চট্টগ্রাম বন্দরের এই নতুন টার্মিনাল। চরের পর গুপ্তবাঁক পার হলে রয়েছে নগরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি), যা বর্তমানে পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। সেখান থেকে আরও সাত থেকে নয় কিলোমিটার উজানে রয়েছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি)।

২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ দিল সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার…
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষকদের বদলিতে মানবিক কারণ জানানোর সুযোগ, আবেদনে …
  • ৩০ আগস্ট ২০২৬
কারিগরিতে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়াই বদলির আবেদনের সু…
  • ৩০ আগস্ট ২০২৬
স্বামী-স্ত্রীর ‘ব্যক্তিগত ছবি’ ছড়িয়ে ১ লাখ ৮০ হাজার টাকা জর…
  • ৩০ আগস্ট ২০২৬
সম্পত্তি লিখে দিলেও শেষ জীবন পর্যন্ত ভোগের অধিকার থাকবে, সং…
  • ৩০ আগস্ট ২০২৬