অর্থনীতিতে গতি আনতে থ্রি-আর পরিকল্পনা, বাজেটে মূল্যস্ফীতি-প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ

১১ জুন ২০২৬, ০৩:২০ PM , আপডেট: ১১ জুন ২০২৬, ০৩:২০ PM
জাতীয় বাজেট

জাতীয় বাজেট © টিডিসি সম্পাদিত

নতুন অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে অর্থনীতির পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে ‘থ্রি-আর’ (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন স্ট্র্যাটেজি) পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনা তুলে ধরেন। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার রূপরেখা তুলে ধরা হয়েছে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে ১০টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতা পর্যালোচনায় স্পষ্ট যে, বিগত সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে অর্থনীতি এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার এবং বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে সরকার বিশ্বাস করে। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: বাজেটে ১০ অগ্রাধিকারের কথা জানাল সরকার

অর্থমন্ত্রী বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে ওঠে দেশের মানুষের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার ওপর। সে কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করেছে, যাতে উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়।

এই লক্ষ্য সামনে রেখে অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন এবং বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি নিশ্চিত করতে একটি মধ্যমেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন করা হয়েছে। এর আওতায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করা, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে জিডিপির ২ দশমিক ৭ শতাংশে উন্নীত করা এবং মোট বিনিয়োগকে জিডিপির ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে সরকার তিআর কৌশল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এ পরিকল্পনার প্রথম ধাপ হলো অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যার মেয়াদ এক বছর। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের এক থেকে তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি আমদানিনির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং উচ্চ বিনিময় হার মূল্যস্ফীতি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। এ কারণে স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ও রাজস্বনীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থের সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে বলেও জানান তিনি। তবে একই সঙ্গে বেসরকারি খাতে ঋণপ্রবাহ যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার কথা উল্লেখ করেন।

রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে পৃথক করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর-সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে করনীতি প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, কর ব্যবস্থাপনাকে পুরোপুরি অটোমেশনের আওতায় এনে রাজস্ব ফাঁকি রোধ করা হবে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমিয়ে কর ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ। ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে এটি ৯ দশমিক ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ে রাজস্ব-জিডিপি অনুপাত বর্তমান প্রায় ৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

করমুক্ত থাকছে স্টার্টআপ প্রতিষ্ঠান
  • ১১ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ১১ জুন ২০২৬
পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল
  • ১১ জুন ২০২৬
প্রাথমিকে বরাদ্দ পেল পৌনে ৪৭ হাজার কোটি টাকা
  • ১১ জুন ২০২৬
নওগাঁয় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১১ জুন ২০২৬
যে কারণে বাজেট পেশের জন্য অর্থমন্ত্রীর হাতে থাকে কালো ব্রিফ…
  • ১১ জুন ২০২৬
×