এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে, ৭১ বিধিতে নোটিশ এমপির

১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ AM
সংসদ ভবন

সংসদ ভবন © সংগৃহীত

সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের ভিত্তিতে আবেদনকৃত বদলির ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা নিরসন এবং অবিলম্বে ফলাফল প্রকাশের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. কেরামত আলী। কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে তিনি এই নোটিশ উত্থাপন করেন।

সংসদে তিনি বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের ভিত্তিতে বদলির যে যুগান্তকারী উদ্যোগ সরকার গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বদলির আবেদন গ্রহণের নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও এখন পর্যন্ত ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। 

নোটিশে শিক্ষকদের মানবিক ও আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক শিক্ষক নিজ জেলা থেকে ৫০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে কর্মরত। তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দূরবর্তী কর্মস্থলে বাসা ভাড়া, খাবার ও যাতায়াত খরচ মেটাতেই ব্যয় হয়ে যাচ্ছে। ফলে মাস শেষে পরিবারের জন্য অর্থ পাঠানো, সন্তানদের পড়াশোনা, বাবা-মায়ের চিকিৎসা ও সংসারের অন্যান্য প্রয়োজন মেটানো নিয়ে তাদের প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। 

অনেক ক্ষেত্রে একই সংসারের ব্যয় বহন করতে গিয়ে এবং কর্মস্থলে থাকা নিজ পরিবারের দৈনন্দিন ভরণপোষণ সামলাতে গিয়ে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি অসুস্থ বাবা-মায়ের পাশে থাকতে না পারা, সন্তানদের বেড়ে ওঠা থেকে বিচ্ছিন্ন থাকা, এমনকি প্রিয়জনদের শেষ বিদায়েও অংশ নিতে না পারার মতো মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করা হয়।

আরও খবর: জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা

এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়ে এই সংসদ সদস্য বলেন, আবেদন গ্রহণের পরও বদলির ফলাফল প্রকাশে এই দীর্ঘসূত্রতার কারণ কী? দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের এই আর্থিক, মানবিক ও পারিবারিক সংকট নিরসনে মন্ত্রণালয় আর কতদিন অপেক্ষা করবে এবং সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ কেন কেবল প্রশাসনিক বিলম্বের কারণে হতাশার কারণ হয়ে দাঁড়াবে?

উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৬ অনুযায়ী গত ২১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় এবং এক দফা সময় বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। নির্ধারিত সময়ে ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক বদলির আবেদন করলেও দুই মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।

জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষ…
  • ১৭ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে, ৭১ বিধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
চার বছর ধরে আটকে থাকা সুপারিশপ্রাপ্ত ৩৮ জনের নিয়োগ প্রজ্ঞাপ…
  • ১৭ নভেম্বর ২০২৬
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
  • ১৭ নভেম্বর ২০২৬
দিনাজপুরে শীত শুরু, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
  • ১৭ নভেম্বর ২০২৬