মাউশি © ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকদের বদলি আবেদনের জন্য পৃথক পৃথক পাসওয়ার্ড দেওয়া হবে। এই পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকদের বদলি আবেদন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুইজন করে শিক্ষক বদলির সুযোগ পাওয়ায় কতজন শিক্ষক আবেদনের পাসওয়ার্ড পাবেন সেই প্রশ্ন দেখা দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সুযোগ সব শিক্ষকই পাবেন। অর্থাৎ সব শিক্ষককেই পাসওয়ার্ড দেওয়া হবে। তবে নিজ জেলা, স্বামী-স্ত্রীর জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের শর্ত পূরণ করা শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন। প্রতিটি স্কুল অথবা কলেজ থেকে দুইজন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয় হলে একজন এই সুযোগ পাবেন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনের সুযোগ সবাইকে দেওয়া হবে। পাসওয়ার্ডও সবাই পাবেন। তবে যতগুলো শূন্য পদ থাকবে ততজন বদলির সুযোগ পাবেন।’
তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।
মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’
বদলি আবেদনের জন্য পাসওয়ার্ড পাবেন শিক্ষকরা
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত মাউশি। আবেদন শুরুর পূর্বে শিক্ষকদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে বলে জানা গেছে।
মাউশি সূত্রে জানা গেছে, ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে। তথ্যগুলো ভ্যালিডেশনও শেষ হয়েছে। যে অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে। আবেদন গ্রহণের পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে মাউশি। তবে তারও পূর্বে শিক্ষকদের আবেদনের জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে।Teaching & Classroom Resources
সূত্রের তথ্য বলছে, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড শিক্ষকদের পাসওয়ার্ড দেবে। তবে এই কাজটি তারা এখনো করতে পারেনি। এজন্য মূলত সকল কার্যক্রম ঝুলে রয়েছে। শিক্ষকরা পাসওয়ার্ড পেলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে।