আটক হওয়া নারী © সংগৃহীত
নওগাঁ শহরের বলাকা ক্লিনিক থেকে যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগের ঘটনায় বগুড়ার আদমদীঘি থেকে সাত দিন বয়সি এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মলিনা নামের এক নারীকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের একজন নবজাতক নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে মলিনা নামের এক নারীর কাছে কয়েক দিন বয়সি একটি নবজাতক থাকার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, আটক নারী প্রথমে নিজেকে শিশুটির মা বলে দাবি করলেও পরে নবজাতকটিকে সংগ্রহ করার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠা নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। শিশুটির প্রকৃত মা-বাবার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সে পুলিশ হেফাজতে থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হয়েছিল, আটক নারীর সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা এবং এর পেছনে অন্য কেউ জড়িত কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
জানা যায়, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে করা একটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর তাঁদের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়। অপর নবজাতকের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
পরিবারের দাবি, অস্ত্রোপচারের আগে করা দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে যমজ সন্তান থাকার তথ্য ছিল। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন তাঁরা।
তবে নবজাতক নিখোঁজের অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক, ক্লিনিকের মালিক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা। গত ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে তাঁরা দাবি করেন, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল।আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে ভুলের কারণে যমজ সন্তানের তথ্য এসেছে। কীভাবে প্রতিবেদনে এমন তথ্য এসেছে, তা তদন্ত করা প্রয়োজন বলেও মত দেন তাঁরা।