ঘটনার সিসি ক্যামেরার ফুটেজের দৃশ্য © সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে রিকশার গতিরোধ করে ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে এক তরুণের আইফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে লালমাটিয়ার ব্লক-ই এলাকার ৩/১৩ নম্বর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী তরুণের নাম আইহান ইমতিয়াজ (১৯)। তিনি মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকার বাসিন্দা। গত ১১ নভেম্বর তিনি থানায় এ অভিযোগ দেন।
অভিযোগে আইহান উল্লেখ করেন, কোচিং শেষ করে রিকশায় করে বাসায় ফিরছিলেন তিনি। পথে লালমাটিয়ার ব্লক-ই এলাকার ৩/১৩ নম্বর বাড়ির পাশে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার রিকশার গতিরোধ করেন। তাদের মধ্যে আদনান (২৪), সোহান (২২), রিপন (২৪) ও সিয়াম (২৩) নামের চারজন ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের সঙ্গে আরও দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তিরা ধারালো ছুরি ও চাপাতি বের করে তাকে ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে তার কাছে থাকা আইফোন ১৬ প্রো ম্যাক্স, মানিব্যাগসহ অন্যান্য জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেন। মানিব্যাগে নগদ ১০ হাজার ১০০ টাকা, ব্যাংকের কার্ড ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল।
আইহান অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এ ঘটনায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার বাম পাশে ব্যাটারিচালিত রিকশায় বসে থাকা তরুণের দিকে হেঁটে যাচ্ছেন দুই যুবক। তাদের দুজনের মুখেই মাস্ক ছিল। পরে রিকশায় বসে থাকা তরুণকে ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই করতে দেখা যায় তাদের।