প্রতীকী ছবি © সংগৃহীত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠা ৯ বছর বয়সী শিশু আরাফাত হোসেন আদিবের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় নিজ বাড়িতে মারা যায় সে।
পরিবারের অভিযোগ, মাদ্রাসার ছাত্রাবাসে আটকে রেখে দীর্ঘদিন ধরে নির্যাতন করায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল শিশুটি। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক ও এক শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার চাচাতো ভাই।
মারা যাওয়া আদিব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে। সে লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের নবম পারার শিক্ষার্থী ছিল।
আদিবকে নির্যাতনের বর্ণনা দিয়ে তার মা আয়েশা আক্তারের একটি ভিডিও বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদ্রাসাটির পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ গত দুই বছর ধরে ছাত্রাবাসে আটকে রেখে তার ছেলেকে নির্যাতন করে আসছিলেন। গত ১৫ অক্টোবর ওই দুই শিক্ষক আবারও আদিবকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাকে মেঝেতে আছড়ে ফেলা হয়।
আয়েশা আক্তারের অভিযোগ, দীর্ঘদিনের নির্যাতনের কারণে আদিবের যকৃতে সমস্যা দেখা দেয়। একপর্যায়ে তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বসুরহাটের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মাইজদী হয়ে ঢাকার শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসেন স্বজনেরা।
সোমবার সকালে আদিবের মৃত্যুর পর তার চাচাতো ভাই মো. রাফি মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
রাফি বলেন, ‘আমার চাচাতো ভাই দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।’
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাদ্রাসাটির পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার বিকেলে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির চাচাতো ভাই মো. রাফি বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।