চাঁদপুর সদর থানা © সংগৃহীত
চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬২ জন নেতাকর্মী ও মাদকসংশ্লিষ্ট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) চাঁদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান চালানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানা পুলিশ ৬ জন, চাঁদপুর সদর মডেল থানা ৩১ জন, শাহরাস্তি থানা ৬ জন, হাজীগঞ্জ থানা ৭ জন এবং মতলব উত্তর থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা ৬২ জন।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থেকে ৭ জন, চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ৪ জন, হাইমচর থেকে ৪ জন এবং হাজীগঞ্জ থেকে ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জে ২ জন, মতলব দক্ষিণে ৪ জন, শাহরাস্তিতে ২ জন, কচুয়ায় ১ জন, হাইমচরে ১ জন এবং মতলব উত্তরে ২ জন রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি হাজীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর ৭ নভেম্বর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।