পুলিশ সুপারের কার্যাালয়, লক্ষ্মীপুর © টিডিসি ফটো
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে তিন দিন অভিযান চালিয়ে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ৯৯ জনকে আটক করা হয়। এরমধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন ও ডিবির হাতে ৯ জন আটক হয়। আটকদের ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে আটক ১৮৪ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একইভাবে রোববার রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছ।
আরও দেখুন: পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: শিশু শান্তি পুরস্কারে মনোনীত শায়রি
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ছয়টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।’