জানাজা থেকে বহিষ্কৃত যুবদল নেতার মটরসাইকেল চুরি, গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ PM
আটকৃত ছাত্রদল নেতা ও মটরসাইকেল

আটকৃত ছাত্রদল নেতা ও মটরসাইকেল © সংগৃহীত

নেত্রকোনার মদন উপজেলায় জানাজা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় মাজহারুল ইসলাম জয় (২৬) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক শামসুল হক চ্যাম্পিয়নও স্থানীয় যুবদলের বহিষ্কৃত নেতা।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মাজহারুল ইসলাম জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাজহারুল ইসলাম জয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। তিনি আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

অন্যদিকে মোটরসাইকেলের মালিক শামসুল হক চ্যাম্পিয়ন মদন উপজেলার চানগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য ছিলেন। অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাসের জানাজায় অংশ নিতে যান শামসুল হক চ্যাম্পিয়ন। তিনি কবরস্থানের পাশে তার কালো ও নীল রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেলটি রেখে জানাজায় অংশ নেন। প্রায় এক ঘণ্টা পর নামাজ শেষে ফিরে এসে মোটরসাইকেলটি দেখতে পাননি।

পরে এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মদন থানায় অভিযোগ করেন শামসুল হক চ্যাম্পিয়ন। অভিযোগের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা শুরু করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখা যায়। ফুটেজে ওই যুবকের পোশাক ও শারীরিক গড়নের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই যুবকের অ্যাকাউন্ট খুঁজে বের করে পুলিশ। তার প্রোফাইলে থাকা একাধিক ছবি পর্যালোচনা করে সিসিটিভি ফুটেজে দেখা যুবকের সঙ্গে মিল পাওয়া যায়।

এরপর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম জয়কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগাহ রোড এলাকায় একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ বলেন, ‘জয়ের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৫ সালের ২৪ জুলাই তাকে ছাত্রদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জয় আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।’

এ বিষয়ে মদন থানার ওসি সালাহউদ্দিন করিম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেন্দুয়া উপজেলার একটি দোকানের পাশ থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে চুরির ঘটনার সঙ্গে জয়সহ একটি চক্র জড়িত থাকতে পারে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএ…
  • ০৭ নভেম্বর ২০২৬
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে …
  • ০৭ নভেম্বর ২০২৬
লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন সাদমান
  • ০৭ নভেম্বর ২০২৬
একই যোগ্যতা, ভিন্ন সুযোগ: পদোন্নতিতে বৈষম্যের শিকার গ্রন্থা…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ রাত ৮টায় শেষ হচ্ছে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন
  • ০৭ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা: উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছে মন্ত্রণালয়-ইউজিসি
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950