বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থেকে উদ্ধার

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ AM
উদ্ধার হওয়া পাঁচ যুবক

উদ্ধার হওয়া পাঁচ যুবক © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফে ঘোরাঘুরির কথা বলে ডেকে নিয়ে রামুর পাঁচ যুবককে অপহরণের পর আটকে রেখে মুক্তিপণ দাবি এবং নৌপথে বিদেশে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পাঁচ দিন পর শুক্রবার ভোরে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট মেরিন ড্রাইভসংলগ্ন খনকারপাড়া ঘাট থেকে পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)। এ সময় মো. আনাস ওরফে মুন্না নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

এসআরবি-১৫-এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়।

এসআরবি সূত্র জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি এলাকার পাঁচ যুবককে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সমুদ্রসৈকতসহ বিভিন্ন এলাকা ঘোরানোর কথা বলে সিএনজি অটোরিকশায় তুলে নেওয়া হয়। পরে রাতে টেকনাফে মুন্নার বাড়িতে থাকার কথা বলে তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর গামছা দিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, সেখানে তাঁদের শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। একই সঙ্গে নৌপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তাঁরা।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে গত ১৬ সেপ্টেম্বর র‌্যাব-১৫-এর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অপহৃতদের অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে সাবরাং জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়কের খনকারপাড়া ঘাট এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে পাঁচ যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় মো. আনাস ওরফে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।

উদ্ধার হওয়া পাঁচজন হলেন—রামুর মিঠাছড়ি এলাকার আল আমিন কাউসার (১৮), মো. রাশেদ (২০), সাকিবুল হাসান সাকিব (১৮), মো. সাইফুল ইসলাম (১৬) ও মো. আব্দুল্লাহ (১৬)।

এসআরবি জানিয়েছে, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া পাঁচজনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার পর তাঁদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার আনাস ওরফে মুন্নাকেও থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপহরণ, মুক্তিপণ দাবি ও মানবপাচারের অভিযোগের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রবিবার রাত ৯টায় কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি)-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬