শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা করা যুবক মো. আরিফুল ইসলাম © টিডিসি
শেরপুর সদর উপজেলার চর সাপমারি পশ্চিমপাড়া গ্রামে চার মাসের শিশুকে দুধ খাওয়ানোর সময় রুকিয়া বেগম (৩০) নামে এক নারীকে ধারালো দা দিয়ে গলায় কোপ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. আরিফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে চর সাপমারি গ্রামের লাল মিয়ার বসতঘরের সামনে চেয়ারে বসে শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন রুকিয়া বেগম। এ সময় মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় তার প্রতিবেশী ভাশুরের ছেলে ও মাদকাসক্ত আরিফুল ইসলাম ধারালো দা দিয়ে তার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই রুকিয়া বেগমের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত রুকিয়া বেগম চর সাপমারি গ্রামের লাল মিয়ার স্ত্রী ও জইমুদ্দিনের মেয়ে। অভিযুক্ত আরিফুল ইসলাম আমিনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার পর আরিফুল ইসলাম গোসল করে নিজের ঘরে চলে যান। তার পরনে রক্তমাখা ফুল প্যান্ট ছিল বলে তারা জানান। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে আটক করে। স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই নারীকে হত্যার কথা স্বীকার করেন এবং তার ঘর থেকে রক্তমাখা ফুল প্যান্ট বের করে দেন।
এলাকাবাসী আরও জানান, আরিফুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় তার চাচিকে হত্যা করেছেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা অভিযুক্তকে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত তাকে হেফাজতে নেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিহতের মরদেহের আইনগত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।