ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ © সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র, সন্দেহজনক চোরাই মালামাল ও ৮০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর ও হরিশ্চর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মুকসুদপুর থানার পূর্ব মহারাজপুর এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় নিজ বাড়ি থেকে আলামিন শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
আলামিন ওই এলাকার মো. কালাম শেখ ও চায়না বেগম ওরফে চানোর ছেলে। তার হেফাজত থেকে একটি চাইনিজ কুঠার ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি আইফোন, চারটি ট্যাব, সাতটি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট ও নগদ ১ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, একই দিন ডিবির অপর একটি দল মুকসুদপুরের হরিশ্চর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। বিশেষ করে চুরি, ছিনতাই, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
পুলিশ জানায়, আলামিন শেখের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং গ্রেপ্তার নারীটির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।