জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে গুলি, ফের সাঁড়াশি অভিযানে যৌথবাহিনী

২৫ মে ২০২৬, ০৮:৫৩ AM
জঙ্গল সলিমপুর

জঙ্গল সলিমপুর © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে একটি র‍্যাব ক্যাম্পে রবিবার মধ্যরাতে সশস্ত্র সন্ত্রাসীরা আকস্মিক হামলা চালিয়েছে। এ সময় স্থানীয় সন্ত্রাসী ‘ইয়াসিন বাহিনী’র সঙ্গে র‍্যাব সদস্যদের প্রায় ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। রবিবার (২৪ মে) দিবাগত রাত ২টার কিছু পরে এই হামলার ঘটনা ঘটে। 

হামলার খবর নিশ্চিত করে র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার (সিও) হাফিজুর রহমান জানান, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্প লক্ষ্য করে চারদিক থেকে একযোগে গুলিবর্ষণ শুরু করলে র‍্যাব সদস্যরাও তাৎক্ষণিকভাবে নন-লিথাল (অপ্রাণঘাতী) অস্ত্র ব্যবহার করে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে এই গুলিবিনিময় অব্যাহত থাকে।

র‍্যাব জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে সেখানে অতিরিক্ত র‍্যাব সদস্য মোতায়েন করা হয়। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখে যৌথবাহিনীর সমন্বয়ে চিরুনি অভিযান ও তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গল সলিমপুর এলাকাটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় দীর্ঘদিন ধরে এটি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 

শেষ খবর পাওয়া পর্যন্ত এই গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি। তবে মধ্যরাতে হঠাৎ এমন ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ জানুয়ারি এই জঙ্গল সলিমপুরেই একাধিক মামলার গুরুত্বপূর্ণ আসামি ও অস্ত্র লেনদেন চক্রের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছিল র‍্যাব। ওই সময় সন্ত্রাসীদের বর্বর হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। 

সেসময় একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হয়েছিলেন। সেই ঘটনার পর ওই দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্ত্রাসীদের দমনে স্থায়ীভাবে এই র‍্যাব ক্যাম্পটি স্থাপন করা হয়েছিল, যা এবার সরাসরি হামলার লক্ষ্যবস্তু হলো।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬