প্রধান অতিথি নির্বাচনের দ্বন্দ্বে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ AM
নিহত এরশাদ আলী

নিহত এরশাদ আলী © সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া এলাকায় একটি ইসলামি জলসার প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এরশাদ আলী (৬৫) নামে এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, দলেরই প্রতিপক্ষ গ্রুপের হামলায় তার মৃত্যু হয়েছে।

নিহত এরশাদ আলী মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং সাবেক সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদে গ্রামবাসী ও বিএনপি কর্মীরা একটি ওয়াজ মাহফিল বা জলসা আয়োজনের লক্ষ্যে আলোচনায় বসেন। সভায় জলসার প্রধান অতিথি হিসেবে এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রস্তাব করে। অন্যদিকে, নিহত এরশাদ আলীসহ অন্যরা রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়।

শুক্রবার রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ বেশ কয়েকজন এরশাদ আলীর পথরোধ করে। এ সময় হামলাকারীরা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে অন্য মুসল্লিরা উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চারঘাট থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে এবং এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬