বল টেম্পারিং বিতর্কে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়া, কামিন্সের দাবি—কিছুই জানতেন না তিনি

১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ AM
প্যাট কামিন্স

প্যাট কামিন্স © সংগৃহীত

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বুধবার সন্ধ্যায় ক্যামেরন ব্যানক্রফট ৪ হাজার শব্দের এক বিবৃতিতে নতুন করে বিস্ফোরক তথ্য প্রকাশ করার পরও নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি।

সাড়ে ৮ বছর আগের ঘটনা নিয়ে ব্যানক্রফটের দেওয়া বর্ণনায় উসমান খাজার সেই দাবিরই সমর্থন মিলেছে, যেখানে তিনি বলেছিলেন, দলের সবাই বিষয়টি জানতেন। পোর্ট এলিজাবেথ ও কেপটাউনে বল টেম্পারিংয়ের ঘটনা কীভাবে ঘটেছিল, সে সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেছেন ব্যানক্রফট। তার এই বক্তব্যে অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ব্যক্তিদের নিজেদের জানা তথ্য প্রকাশের সুযোগ দিতে একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছিল।

ব্যানক্রফটের কলামে বিশেষভাবে উঠে এসেছে গত শুক্রবার সিডনিতে কামিন্সের ৬৮ মিনিটের সংবাদ সম্মেলন নিয়ে তাঁর প্রতিক্রিয়া। ওই সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক খাজার 'সবাই জানতেন' দাবিকে '১০০ শতাংশ ভুল' বলে উল্লেখ করেন। একই সঙ্গে খাজার বিরুদ্ধে অন্যদের জীবন নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অভিযোগও তোলেন কামিন্স।

কামিন্সের ওই বক্তব্যে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যানক্রফট লিখেছেন, 'এতে আমার রাগ হয়েছিল, নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার এবং একা মনে হয়েছিল।'

বুধবার সন্ধ্যায় ব্যানক্রফটের লেখা প্রকাশের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন কামিন্স। বৃহস্পতিবার তাঁর দীর্ঘদিনের এজেন্ট নিল ম্যাক্সওয়েল ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক বিবৃতিতে আরও বিস্তারিত বক্তব্য তুলে ধরেছেন।

ম্যাক্সওয়েল বলেন, '৮ বছর ধরে প্যাটের অবস্থান বদলায়নি। প্রথম দিন থেকেই সে নিজের বক্তব্যে ধারাবাহিক এবং দৃঢ় অবস্থানে রয়েছে। অবশ্যই ক্যামেরনের জন্য প্যাটের খারাপ লাগে। তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

'আমরা সবাইকে আবারও প্যাটের সাক্ষাৎকারের পূর্ণাঙ্গ প্রতিলিপি পড়ার অনুরোধ জানাব। এমন কিছু নেই, যার উত্তর সে দেয়নি। ক্যাম এখন যা বলেছে, সে বিষয়টির জবাবও এর মধ্যে রয়েছে।

'প্যাট অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে নতুন করে গড়ে তুলেছে। কেপটাউনে ২৪ বছর বয়সী সেই তরুণ দলটিকে ঠিক করার যে সিদ্ধান্ত নিয়েছিল, গত আট বছর ধরে সে সেটিই করে গেছে।'

এদিকে জশ হ্যাজলউড ও নাথান লায়নের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। মিচেল স্টার্ক অবশ্য গত সপ্তাহেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছিলেন, ২০২১ সালে বোলাররা যে যৌথ বিবৃতি দিয়েছিলেন, তাদের অবস্থান এখনো সেটিই রয়েছে।

বুধবার স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দেওয়ার সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছিলেন, কামিন্সের বিরুদ্ধে নতুন করে জবাবদিহির কোনো বিষয় নেই। যদিও ২০১৮ সালের তদন্তে কেবল নিউল্যান্ডসে ঘটে যাওয়া ঘটনাগুলোই খতিয়ে দেখা হয়েছিল। স্বাধীন ফোরামে কেউ নতুন কোনো তথ্য জানালেও এ নিয়ে আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

গ্রিনবার্গ বলেন, 'অধিনায়ককে নির্দোষ প্রমাণ করার প্রয়োজন নেই। কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে না। তদন্ত শেষ হয়েছে। কয়েক দিন আগে আমি যা বলেছি, আবারও সেটিই বলব। প্যাট ও বোলারদের ক্ষেত্রে একটি বিষয় একেবারেই পরিষ্কার, তা হলো তাদের বক্তব্যের ধারাবাহিকতা। ২০১৮ সালে কেপটাউনে টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরের দিন প্যাট যা বলেছিল, কয়েক বছর পরও ঠিক একই কথা বলেছে। গত সপ্তাহেও একই বক্তব্য দিয়েছে। তাই তাদের বক্তব্যের ধারাবাহিকতা খুবই স্পষ্ট।'

ব্যানক্রফট তার লেখায় বোলারদের পাশাপাশি উইকেটকিপার টিম পেইনের সঙ্গে একাধিক কথোপকথনের কথাও উল্লেখ করেছেন। বল কতটা রিভার্স সুইং করছিল এবং বল টেম্পারিংয়ের পরিকল্পনা যথেষ্ট কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে পরবর্তী বছরগুলোতে নিজের অস্বস্তির কথাও তুলে ধরেছেন ব্যানক্রফট। তার ভাষায়, 'বছরের পর বছর এসব কথোপকথন আমাকে ভীষণভাবে ভাবিয়েছে।'

তবে একই সঙ্গে তিনি যোগ করেছেন, 'আমি বুঝতে পারি, একটি বল রিভার্স সুইং করছে—এটি জানা, বলের অবস্থা পরিবর্তন করা হয়েছে বলে সন্দেহ করা এবং নির্দিষ্টভাবে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছে বলে জানা—এই তিনটির মধ্যে পার্থক্য রয়েছে।'

ব্যানক্রফট জানিয়েছেন, দলের পরিকল্পনা নিয়ে একমাত্র স্টাফ সদস্য হিসেবে উদ্বেগ প্রকাশ করেছিলেন মিডিয়া ম্যানেজার কেট হাচিসন।

প্রধান কোচ ড্যারেন লেম্যান ও বোলিং কোচ ডেভিড সাকারের নামও ব্যানক্রফটের লেখায় বারবার এসেছে। পরিকল্পনা নিয়ে আলোচনার সময় তারা উপস্থিত ছিলেন বলে উল্লেখ করেছেন তিনি। কেপটাউনে ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসার কয়েক দিন পর পদত্যাগের ঘোষণা দেওয়া লেম্যান বরাবরই এই পরিকল্পনা সম্পর্কে জানার কথা অস্বীকার করে আসছেন।

বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে এবিসির হয়ে ধারাভাষ্য দেওয়ার সময় সর্বশেষ ঘটনা নিয়ে সংক্ষেপে কথা বলেন লেম্যান। পরে নির্ধারিত সময়ের আগেই ধারাভাষ্যকক্ষ ছাড়েন তিনি।

লেম্যান বলেন, 'বিষয়টি কেবল এখনই সামনে এসেছে। আমাকে একটু সময় নিয়ে সবকিছু বুঝতে হবে এবং প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে হবে। আগামী কয়েক দিন আমি সেটিই করব।'

ব্যানক্রফট তার লেখায় আরও জানিয়েছেন, ২০২১ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তার করা মন্তব্যের প্রভাবেই টেস্ট ক্রিকেটে আরেকটি সুযোগ পাননি বলে তিনি মনে করেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বোলাররা পরিকল্পনার বিষয়ে জানতেন—বিষয়টি ছিল 'স্বতঃসিদ্ধ'। তার এই মন্তব্যের পরই চার নিয়মিত পেসার যৌথ বিবৃতি দিয়ে বিষয়টি জানার কথা অস্বীকার করেছিলেন।

গত সপ্তাহে সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, বল টেম্পারিংয়ের ঘটনা নিউল্যান্ডসে ধরা পড়ার সময় তার মাত্র ১৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল। ব্যানক্রফটের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলেও জানান তিনি।

কামিন্স বলেন, 'আমি ক্যামকে সত্যিই পছন্দ করি। আমরা একই বয়সী। বয়সভিত্তিক ক্রিকেটে আমি তার সঙ্গে খেলেছি। তাই তার সঙ্গে আমার কোনো সমস্যাই নেই। অবশ্যই আমি নির্বাচক নই, তবে আমার দৃষ্টিকোণ থেকে ক্যামেরনের সঙ্গে কোনো সমস্যা নেই।'

পোর্ট এলিজাবেথ ও কেপটাউন টেস্টের সময় অস্ট্রেলিয়া দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকা পিটার হ্যান্ডসকম্বও তখন হোবার্টে ধারাভাষ্য দিচ্ছিলেন। ব্যানক্রফট তার লেখায় বিশেষভাবে হ্যান্ডসকম্বের কথা উল্লেখ করেছেন। নিউল্যান্ডসে মাঠে প্রবেশের পর হ্যান্ডসকম্বই তাকে জানিয়েছিলেন, ক্যামেরায় তাঁর কর্মকাণ্ড ধরা পড়েছে।

কোড স্পোর্টস জানিয়েছে, হ্যান্ডসকম্ব যে প্রতিষ্ঠানের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন, সেই এসইএন এবং তিনি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন, ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি আর ধারাভাষ্য দেবেন না।

চলতি মাসের শুরুতে উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নতুন করে সামনে আসে। সেই বইয়ে উঠে আসা তথ্যের পর এবার ব্যানক্রফটও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সর্বশেষ ব্যক্তি হিসেবে নতুন তথ্য প্রকাশ করলেন। এর আগে খাজা ও স্টিভ স্মিথের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হয়েছিল, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে কেবল স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটই জানতেন।

তবে পরবর্তী সময়ে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। খাজার পর এবার চ্যাড সেয়ার্সও ২০১৮ সালের ঘটনা সম্পর্কে তার জানা তথ্য প্রকাশ করেছেন।

ব্যানক্রফটের কলাম প্রকাশের পর ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, 'ক্যামেরন ব্যানক্রফট তার নিজের বক্তব্য তুলে ধরেছেন, বিষয়টিকে আমরা সম্মান করি এবং তার মন্তব্যগুলো বিবেচনা করতে আমাদের কিছুটা সময় প্রয়োজন। আমরা মনে করি, ২০১৮ সালের ঘটনাগুলোর একাধিক দিক রয়েছে। এ কারণেই সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে আমরা ফোরাম গঠন করেছি। ফোরামটির কার্যপরিধি চূড়ান্ত করার কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু করা হবে।'

এক মাসে ৬ দফায় কমেছে সোনার দাম, আজ ভরিতে কত
  • ১৯ নভেম্বর ২০২৬
খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১৯ নভেম্বর ২০২৬
আ’লীগ আমলের ৪ শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজনই কারাগারে, …
  • ১৯ নভেম্বর ২০২৬
বল টেম্পারিং বিতর্কে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়া, কামিন্সের…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জাবির ফটকে রাতভর …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডিবেট ক্লাবের আয়োজনে এনএসইউ পোডিয়াম অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬