তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিং © সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ব্যাট হাতে আগ্রাসী শুরু করেছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। তামিমের ঝোড়ো ৮৩ রানের ইনিংসে প্রথম সেশনেই ১৩৪ রান তুলেছে বাংলাদেশ। তবে এই সময়ে হারিয়েছে একটি উইকেট।
শুক্রবার দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ৪১ বলে তুলে নেন অর্ধশতক। তবে দারুণ খেলতে থাকা এই ওপেনার সেঞ্চুরির দেখা পাননি। শেষ পর্যন্ত ৭১ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।
অন্য প্রান্তে সাদমান ইসলাম খেলেছেন ধীরস্থির ভঙ্গিতে। তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে দারুণ ভারসাম্য রেখে রান তুলেছেন এই বাঁহাতি ওপেনার। দুজনের ব্যাটে মাত্র ১৮ ওভারেই উদ্বোধনী জুটিতে ১০০ রান পূর্ণ হয়।
এর মধ্য দিয়ে গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আবারও উদ্বোধনী জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ। শুরু থেকেই দুই ওপেনারের ব্যাটে চাপে পড়ে আফগানিস্তানের বোলাররা।
তামিম ফিরে গেলেও প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় সাদমান ৪১ রান এবং মুমিনুল হক ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইসমত আলম।
প্রথম সেশনে ১৩৪ রান তুলে ম্যাচে ভালো অবস্থানে থেকে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।