শফিউল আলম দুলাল © টিডিসি ছবি
পাবনার সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি খন্দকার শফিউল আলম দুলাল আর নেই। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৬০ সালে জন্মগ্রহণ করা শফিউল আলম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৫ সাল থেকে তিনি দেশের অন্যতম জাতীয় দৈনিক বণিক বার্তা পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন সময়ে একাধিক পত্রিকার সঙ্গে যুক্ত থেকে তিনি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
দুলালের কাছে সাংবাদিকতা শুধু জীবিকা নির্বাহের পেশা ছিল না; বরং অন্যায়-অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাধারণ মানুষের অধিকার ও দাবি তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল।
সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার ছিল ব্যাপক সম্পৃক্ততা। পাবনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে তার আগ্রহ ও ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ
শফিউল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুসহ ক্লাবের সকল সদস্য।
সংগঠনের এক শোকবার্তায় নেতাকর্মীরা বলেন, খন্দকার শফিউল আলম দুলাল ছিলেন একজন সৎ, সাহসী, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে তার আপসহীন অবস্থান এবং পেশাগত নিষ্ঠা তাঁকে সাংবাদিক সমাজে স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। তার মৃত্যুতে প্রেসক্লাব পাবনা একজন অভিজ্ঞ সাংবাদিক, নিবেদিতপ্রাণ সংগঠক ও প্রিয় সহকর্মীকে হারাল। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তারা আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার কর্মময় জীবন, আদর্শ ও সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বাসিদ, সেক্রেটারি শামসুল আলম। এক শোকবার্তায় তিনি বলেন, খন্দকার শফিউল আলম দুলালের মৃত্যুতে পাবনার সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ, সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিককে হারিয়েছে। দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে তিনি সততা, সাহসিকতা ও পেশাগত দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। তার লেখনী ও কর্মের মাধ্যমে তিনি সমাজের নানা অসংগতি, সমস্যা ও জনস্বার্থের বিষয় তুলে ধরেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।
এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন।