যশোর শিক্ষা বোর্ড © সংগৃহীত
যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার সব কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ‘বিশেষ কোটায়’ পাঁচ ধরনের শিক্ষার্থী ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এসব শিক্ষার্থীর জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে। তাদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার প্রয়োজন হবে না।
বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন- বিশেষ চাহিদা (প্রতিবন্ধী) সম্পন্ন শিক্ষার্থী, প্রবাসী সন্তান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কুবায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি নোটিশ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
কলেজ পরিদর্শক জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটার এসব শিক্ষার্থীর জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ শিথিল করা হয়েছে। তারা অনলাইনে আবেদন ছাড়াই পছন্দের কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি হতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষাবোর্ড থেকে তাদের জন্য কোনো ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে না।
বিশেষ কোটায় ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের পছন্দের কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি ফরম পূরণ করতে হবে। ফরমের সঙ্গে তাদের বিশেষ কোটার প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
পরে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিশেষ কোটার প্রমাণপত্র যাচাই-বাছাই করবে। প্রমাণপত্র সঠিক থাকলে ম্যানুয়াল পদ্ধতিতে তাদের একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।