সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত © টিডিসি সম্পাদিত ছবি
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগের ছাদের একটি অংশ খসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—রফিকুল ইসলাম (৭০), আক্তার হোসেন (৮০) ও আবুল খায়ের (৪৫)। তাঁদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। আহতদের পৃথক রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ছাদের পলেস্তারা খসে পড়া অংশের আশপাশে থাকা রোগী ও স্বজনদের সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ওয়ার্ডের অনেক রোগী হাসপাতাল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে একই ভাবে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিশু আহত হয়। রোগী ও স্বজনরা হাসপাতালের ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান বলেন, আমরা আরও আগেই আবেদন করেছিলাম সংস্কারের জন্য। আশাকরি দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।