যশোরের ‘সবজি চারা গ্রামে’ বৃষ্টির ক্ষত, ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের

৩১ আগস্ট ২০২৬, ০৫:২৯ PM
পলিথিন দিয়ে ঢাকা সবজির বীজতলার শেড

পলিথিন দিয়ে ঢাকা সবজির বীজতলার শেড © টিডিসি

টানা বৃষ্টিতে যশোরের ‘সবজি চারা গ্রাম’খ্যাত আব্দুলপুর, পোলতাডাঙ্গা ও বাগডাঙ্গার কৃষকদের প্রায় অর্ধকোটি টাকার চারা নষ্ট হয়েছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন চারা উৎপাদকেরা। ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে চারা উৎপাদনে দিনরাত পরিশ্রম করছেন তারা।

সবজি চারার গ্রাম হিসেবে পরিচিতি পাওয়া যশোর সদরের আব্দুলপুর, পোলতাডাঙ্গা ও বাগডাঙ্গা গ্রাম। এ অঞ্চলের প্রায় ১০০ কৃষক প্রতি মৌসুমের ৭ মাসে বিভিন্ন সবজির ১০ থেকে ১২ কোটি চারা উৎপাদন করেন, যা বিক্রি হয় ১২ থেকে ১৩ কোটি টাকা। তাদের উৎপাদিত সবজির চারা খুলনা বিভাগের ১০ জেলা ছাড়িয়েও বাইরের বিভিন্ন জেলায় যায়।

কৃষকরা মৌসুমে ৪ দফায় সবজির চারা উৎপাদন করে থাকেন। এই অঞ্চলে বাঁধাকপি, ফুলকপি, ব্রুকলি, বেগুন, টমেটো, মরিচ, খিরা, পটল প্রভৃতি ২০ ধরনের মানসম্মত সবজির চারা উৎপাদন হয়। চাহিদা থাকায় বিভিন্ন জেলা থেকে যেমন কৃষকরা মাঠ থেকে সরাসরি নিয়ে যান, তেমনই গ্রাহলেকর চাহিদামতো কুরিয়ার করেও পাঠিয়ে থাকেন কৃষকরা।

চারা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত কৃষকরা জানান, বৈশাখ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত চারা উৎপাদনের মৌসুম। শ্রাবণ থেকে ভাদ্র পর্যন্ত সময়কাল তারা সর্বত্র সবজির চারা সরবরাহ করে থাকেন। আগাম সবজির চারা কেবল চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কৃষকরা নিয়ে থাকেন।

সকালে বাঁধাকপির চারা উত্তোলন করছিলেন কৃষক আব্দুল মান্নান। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টিতে এবার আব্দুলপুরে তাদের সবজির চারা পানিতে তলিয়ে যায়। এতে তার ৪০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এ ছাড়া সপ্তাহ তিন-চার আগে তার দুই বিঘা জমিতে থাকা সবজির চারায় ছত্রাকনাশক প্রয়োগ করলে জমির সম্পূর্ণ চারা পুড়ে যায়। এতে প্রায় ১৮ লাখ টাকার চারা বিনষ্ট হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠা কখনোই সম্ভব নয়।

কৃষক মোহাম্মদ হাসান বলেন, বর্ষার ক্ষতি পুষিয়ে নিতে দুই বিঘা জমিতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মরিচ, বেগুনি ইত্যাদির চারা তৈরি করছি। লাভ হয়তো হবে না, কিন্তু চাষাবাদ না করে বসে থাকলেও চলবে না। বৃষ্টিতে তার প্রায় তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে চারা নিতে আসেন রফিকুল ইসলাম। তিনি দুই জাতের ১৫ হাজার বাঁধাকপির চারা নিয়েছেন।

একই এলাকার সাহেব আলী গাজী নিয়েছেন ৬ হাজার উন্নতজাতের বাঁধাকপির চারা। তিনি জানান, প্রতি বিঘায় ৬ হাজার চারা রোপণ করা যায়। তিনি প্রতি হাজার চারা কিনেছেন ৭৫০ টাকায়।

বর্তমানে বাঁধাকপির চারা প্রতিটি মানভেদে বিক্রি হচ্ছে ১ টাকা থেকে ২ টাকা দরে, টমেটোর চারা ৩ টাকা, বেগুন ১ টাকা এবং অন্যান্য চারা ২ টাকায়।

আরও পড়ুন: ঢাবি ভর্তিতে ইংরেজি মাধ্যমকে বাড়তি সুবিধার উদ্যোগ চূড়ান্ত হচ্ছে আজ, বৈষম্যের মুখে বাকিরা

এখন যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দুই পাশে তাকালেই দেখা যায় শত শত পলিথিন শেডে ঢাকা রয়েছে সবজির বীজতলা। মূলত কুয়াশা ও বিরূপ আবহাওয়া থেকে চারা রক্ষার্থে এই শেড তৈরি করেছেন কৃষকরা।

স্থানীয় কৃষকরা জানান, আব্দুলপুর, পোলতাডাঙ্গা ও বাগডাঙ্গা গ্রামের প্রায় ৮০ জন সবজির চারা উৎপাদন করেন। প্রায় ৯০ বিঘা জমিতে চারা উৎপাদন করা হয়।

আব্দুলপুর গ্রামের নানা বৈশিষ্ট্যের চারা উৎপাদক আমিন উদ্দিন বলেন, ‘আমাদের এখানে প্রায় ৮০ জন কৃষক আগাম ও শীতকালীন সবজির চারা উৎপাদন ও বিপণন করে থাকেন। মৌসুমে প্রায় ১২ কোটি টাকার বিকিকিনি হয়। কিন্তু এবারের বৃষ্টিতে অনেক চারা বিনষ্ট হয়েছে মাঠে পানি জমে যাওয়ার কারণে। একটি মাত্র সরু ড্রেন থাকায় যথাসময়ে পানি নিষ্কাশিত হতে পারেনি।’

তিনি বলেন, আব্দুলপুরের বিস্তীর্ণ মাঠের পানি পাকা ড্রেনের মাধ্যমে পাশে ভৈরব নদে নিষ্কাশনের ব্যবস্থা করা হলে আর তলিয়ে যাওয়ার শঙ্কা থাকে না। বিষয়টি কৃষি বিভাগ, উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

জানতে চাইলে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘সব সময়ই কৃষকদের সঙ্গে যোগাযোগ করেছি। বৃষ্টিতে জলাবদ্ধতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইউএনও মহোদয়কে বলেছি। তিনি খুবই আন্তরিক। বর্ষা মৌসুম শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, সামনের মৌসুমে তারা এই ধরনের ক্ষতির সম্মুখিন আর হবেন না।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষক মান্নানের বিষয়টি সংশ্লিষ্ট বালাইনাশক কোম্পানির সঙ্গে কথা বলে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তা ছাড়া ওই কৃষক যাতে সহজ শর্তে কৃষিঋণ পেতে পারেন, সেই উদ্যোগও নেওয়া হয়েছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬