কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প © টিডিসি ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৩-এ জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় এক হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, হাসপাতালের বিভিন্ন কাজ পরিদর্শনের উদ্দেশ্যে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-৩-এর আইওএম হাসপাতালে যান ফারহানা। প্রায় ১০টা ২০ মিনিটের দিকে পরিদর্শনের সময় অসাবধানতাবশত তাঁর পরনের ওড়না জেনারেটরের সঙ্গে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে মাথার চুলও জেনারেটরে আটকে গেলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পর হাসপাতালে থাকা চিকিৎসকেরা তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ফারহানাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে জেনারেটরটি কীভাবে স্থাপন করা হয়েছিল, সেটি পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছিল কি না এবং দুর্ঘটনার সময় সেখানে কী পরিস্থিতি তৈরি হয়েছিল—এসব বিষয় তদন্ত করা হচ্ছে।