রাত পোহালেই এইচএসসি, ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর যেসব নির্দেশনা জানা জরুরি 

০১ জুলাই ২০২৬, ১০:০৫ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © সংগৃহীত

সারা দেশে একযোগে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আয়োজিত এ পরীক্ষায় এবার অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।

এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ২৬ হাজারেরও বেশি। জানা গেছে, এবার ছাত্রের সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ, এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এদিকে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে একক ও অভিন্ন প্রশ্নপত্রে। বুধবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। 

লিখিত বক্তব্যে সচিব জানান, দেশজুড়ে মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সচিব জানান, দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় বসছেন। এবারও মোট পরীক্ষার্থীর সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি, যা নারী শিক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক চিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

এদিন সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে নির্ধারিত আসনে উপস্থিত থাকতে হবে। পরীক্ষা শুরু হবে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশ দিয়ে, এরপর অনুষ্ঠিত হবে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। আর ব্যবহারিক বিষয়গুলোর ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ২৫ মিনিট ও ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট। এমসিকিউ ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না এবং প্রশ্নপত্রে নির্ধারিত সময় অনুযায়ী বিরতিহীনভাবে পরীক্ষা চলবে। 

সকাল ১০টার পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ, ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র এবং ১০টা ৩০ মিনিটে (২৫ নম্বরের এমসিকিউ হলে ১০টা ২৫ মিনিটে) ওএমআর সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। একইভাবে দুপুর ২টার পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট, ২টায় এমসিকিউ প্রশ্নপত্র এবং ২টা ৩০ মিনিটে (২৫ নম্বরের এমসিকিউ হলে ২টা ২৫ মিনিটে) সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের ওএমআর অংশে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে। উত্তরপত্রে মার্জিনের মধ্যে লেখা বা উত্তরপত্র ভাঁজ করা যাবে না। তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক (যেখানে প্রযোজ্য) প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। পরীক্ষার্থীরা শুধু নন-প্রোগ্রামেবল হাতঘড়ি এবং শিক্ষা বোর্ড অনুমোদিত সাধারণ নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

কন্ট্রোল রুম চালু
এইচএসসি পরীক্ষা ঘিরে সার্বিক সমন্বয় ও জরুরি যোগাযোগের জন্য ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর- ০২-২২৩৩৬৯৮১৫।

এছাড়া যোগাযোগের জন্য ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩ ও ০১৭৫৬১০৩১৫২ নম্বর নির্ধারণ করা হয়েছে। ই–মেইল ঠিকানা: [email protected]।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950