টাকা নেই, আমার টিকিটটাও কিনে দিন—মোদিকে কংগ্রেস নেতা শিবকুমার

১৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ AM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ AM
 মোদি ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী শিবকুমার

মোদি ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী শিবকুমার © সংগৃহীত

মেট্রোরেলের টিকিট কেনার টাকা নেই জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের টিকিটটিও কিনে দিতে বলেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও বিরোধীদল কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। তার অনুরোধে মোদি নিজের কার্ড ব্যবহার করে দুজনের টিকিটের দাম পরিশোধ করেন। গত ১৩ নভেম্বর পিঙ্ক লাইন মেট্রোর উদ্বোধন উপলক্ষে একসঙ্গে মেট্রোতে ভ্রমণের সময় এ ঘটনা ঘটে। শনিবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের কাছে সেই মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেন শিবকুমার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিকে শিবকুমার বলেন, ‘আমি তাঁকে বলেছিলাম, মেট্রোর টিকিট কেনার মতো টাকা আমার কাছে নেই। তাই তাঁকে আমার টিকিটটিও কিনে দিতে বলেছিলাম। প্রধানমন্ত্রী মোদি নিজের কার্ড ব্যবহার করে টিকিটের দাম পরিশোধ করেছিলেন।’

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ও বোঝাপড়া নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন। মেট্রোযাত্রার পর হেলিকপ্টারে করে মহীশূরে যাওয়ার সময় দুজনের মধ্যে কী আলোচনা হয়েছিল, জানতে চাইলে শিবকুমার বলেন, ‘আমরা কী কী আলোচনা করেছি, তার সবকিছু প্রকাশ করতে পারব না।’

সাংবাদিকেরা আরও জানতে চান, বিজেপির অনেক নেতাও প্রধানমন্ত্রীর সঙ্গে এমন সময় কাটানোর সুযোগ পান না, অথচ তিনি সেই সুযোগ পাচ্ছেন কীভাবে। জবাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি পারস্পরিক মানবিক সম্পর্ক ও সম্মানের।

তিনি বলেন, ‘আমাদের দলের নেতারাও, যেমন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে আমাকে ভালোবাসা ও সম্মান করেন। সবার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ থাকে না। আমি কারও সঙ্গে কথা বলতে দ্বিধা করি না। সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা উচিত।’

এদিকে বেঙ্গালুরুর বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করার বিষয়েও কথা বলেন শিবকুমার। তিনি জানান, ভারতে গণপরিবহনের জন্য সবচেয়ে বেশি বাস রয়েছে কর্ণাটকে।

তিনি বলেন, ‘সড়কের জায়গা সীমিত থাকা সত্ত্বেও আমাদের এখানে বেশি সংখ্যক বাস রয়েছে। বাসের পাশাপাশি মেট্রোরেলও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মেট্রোরেল স্টেশন নির্মাণে রাজ্যের বাইরে থেকে পাথর না এনে কর্ণাটকে পাওয়া গ্রানাইট ও অন্যান্য পাথর ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর মতে, রাজ্যেই উন্নত মানের পাথর পাওয়া গেলে অন্য জায়গা থেকে সেগুলো আনার প্রয়োজন নেই। স্থানীয় পাথর ব্যবহার করলে রাজ্যের শিল্পপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। পাশাপাশি পাথর কাটা থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন কাজে স্থানীয় মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

শিবকুমার বলেন, ‘আমাদের নিজেদের রাজ্যেই যখন উন্নত মানের পাথর পাওয়া যায়, তখন অন্য জায়গা থেকে সেগুলো আনব কেন? স্থানীয় পাথর ব্যবহার করলে আমাদের শিল্পপ্রতিষ্ঠানগুলো সহায়তা পাবে এবং পাথর কাটা থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত বিভিন্ন কাজে স্থানীয় মানুষের কর্মসংস্থান তৈরি হবে।’

তিনি জানান, রাজ্যের বাইরে থেকে পাথর সংগ্রহ করে কর্ণাটকের পাথরশিল্পের ক্ষতি না করতে তিনি মেট্রোর ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, কর্ণাটকের বিভিন্ন এলাকায় গ্রানাইট পাওয়া যায়। এর মধ্যে রয়েছে চামরাজনগর, তুমাকুরু, সিরা, বাদামি, ইলকাল, কানাকাপুরা ও মাগাদি। রাজ্যে হাসান গ্রিন, তুমাকুরু বারপারি, বেঙ্গালুরু ব্লু, মাল্টি কালার, জুবরানি, কোল্লেগাল ব্ল্যাক ও ইলকাল রেডসহ বিভিন্ন ধরনের পাথর পাওয়া যায়।

মেট্রোরেলে ভ্রমণের সময়ও স্থানীয় পাথরের ব্যবহার তাঁর নজরে এসেছে বলে জানান শিবকুমার। তিনি বলেন, 'গতকাল মেট্রোতে ভ্রমণের সময়ও বিষয়টি আমার নজরে এসেছে। কিছু জায়গায় স্থানীয় গ্রানাইট ব্যবহার করা হয়েছে। বাইরে থেকে আনা পাথর এবং আমাদের রাজ্যে পাওয়া পাথরের মানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের পাথরও সমান ভালো। স্থানীয় সম্পদ ব্যবহার করলে কর্ণাটকের শিল্পপ্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।'

শিশু দিবস উপলক্ষে শিশুদের মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনীয় তথ্য জানার জন্য গুগল ও চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। তবে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করে সময় নষ্ট করা উচিত নয়।

শিবকুমার বলেন, ‘তথ্য জানার জন্য গুগল ও চ্যাটজিপিটিসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করো। তবে অপ্রয়োজনে মোবাইল ফোনে সময় নষ্ট করো না। তোমাদের বয়সে পড়াশোনার জন্য যে মূল্যবান সময় রয়েছে, তা নষ্ট করো না। পড়াশোনাকে অগ্রাধিকার দাও এবং বাবা-মা ও শিক্ষকদের সম্মান করো।’

নিজের নাতির সঙ্গে সময় কাটানোর বিষয়ে জানতে চাইলে মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার রাতে তিনি কিছু সময় নাতির সঙ্গে কাটিয়েছেন। শুক্রবার আবারও তার সঙ্গে দেখা করবেন।

সরকারি বিদ্যালয়ের উন্নয়ন নিয়েও কথা বলেন ডিকে শিবকুমার। তিনি জানান, সরকারি স্কুলগুলোর শিক্ষার মান বাড়াতে বেসরকারি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এসব বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ ছাড়া সরকারি স্কুলের উন্নয়নে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহারের বিষয়েও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে আলোচনা করেছেন শিবকুমার। এ ধরনের সহায়তা সহজ করতে প্রয়োজনীয় নীতিমালা তৈরির জন্যও তিনি অর্থমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য সরকার ৭ দশমিক ৫ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের লক্ষ্য হলো সরকারি স্কুলগুলোর শিক্ষার মান বেসরকারি স্কুলের পর্যায়ে উন্নীত করা।’

সরকারি স্কুলের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিয়ে কোনো বিভ্রান্তি না রাখার কথাও জানান তিনি। শিবকুমার স্পষ্ট করে বলেন, সরকারি স্কুলের মালিকানা বা নিয়ন্ত্রণ কোনো বেসরকারি প্রতিষ্ঠান কিংবা স্কুলের হাতে তুলে দেওয়া হবে না।

তিনি বলেন, ‘স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণেই থাকবে। আমরা শুধু সেগুলোর উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতা নেব।’

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ফোনে আড়ি পাতার অভিযোগ নিয়েও শিবকুমারের কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি জানান, বিষয়টি সম্পর্কে এখনো তথ্য সংগ্রহ করছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তথ্য সংগ্রহ করছি। সবকিছু বিস্তারিত জানার পর কথা বলব।’

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
৭৩০ কোটি টাকার প্রকল্পে কি ফিরবে বরিশালের হারানো খাল?
  • ১৬ নভেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে বরিশালে সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  • ১৬ নভেম্বর ২০২৬
টাকা নেই, আমার টিকিটটাও কিনে দিন—মোদিকে কংগ্রেস নেতা শিবকুম…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950