গার্ডিয়ানের প্রতিবেদন

বাংলাদেশ থেকে সার্বিয়া: বিশ্বজুড়ে যেভাবে ক্ষমতার মসনদ উল্টে দিচ্ছে জেন-জি প্রজন্ম 

০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ PM
বাংলাদেশ থেকে সার্বিয়া বিশ্বব্যাপী জেন জি আন্দোলন জেগে উঠেছে

বাংলাদেশ থেকে সার্বিয়া বিশ্বব্যাপী জেন জি আন্দোলন জেগে উঠেছে © টিডিসি সম্পাদিত

সার্বিয়া থেকে বাংলাদেশ, ভারত থেকে ফ্রান্স—বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন তরুণেরা। সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে সংগঠিত হচ্ছেন তারা। কোথাও রাজপথে আন্দোলন, কোথাও নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ—বিভিন্নভাবে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের দাবি তুলছে জেনারেশন জেড বা জেন-জি।

গবেষকেরা বলছেন, বিশ্বজুড়ে অন্তত ২৫টি প্রতিবাদ আন্দোলনে এই প্রজন্মের তরুণদের ভূমিকা দেখা গেছে। সাধারণত ১৪ থেকে ২৯ বছর বয়সীদের জেন-জি হিসেবে বিবেচনা করা হয়। দুর্নীতি, অসম প্রতিযোগিতার পরিবেশ, শিক্ষায় বিনিয়োগের অভাব, আবাসন সংকট এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় এসব আন্দোলনের প্রধান কারণ।

হার্ভার্ড কেনেডি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানী এরিকা চেনোওয়েথ বলেন, ‘জেন-জি জেগে উঠছে। বিদ্যামান রাজনৈতিক ব্যবস্থাগুলো যখন তাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে, তখন এই প্রজন্মের উল্লেখযোগ্যসংখ্যক তরুণ আর নীরব দর্শক হয়ে থাকতে চাইছে না—এটি এখন স্পষ্ট।’

বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ জেন-জি প্রজন্মের। বাংলাদেশ থেকে বেলজিয়াম, ইতালি থেকে ভারত—বিভিন্ন দেশের তরুণেরা নিজেদের দাবি নিয়ে সোচ্চার হচ্ছেন। চেনোওয়েথ সম্প্রতি এক নিবন্ধে এই পরিস্থিতিকে ‘বিশ্বজুড়ে রাজনৈতিক জাগরণ’ হিসেবে উল্লেখ করেছেন।

এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশেই প্রথম বড় পরিসরে জেন-জি আন্দোলন আলোচনায় আসে। ২০২৪ সালে বাংলাদেশের ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অনেকেই এটিকে বিশ্বের প্রথম সফল জেন-জি নেতৃত্বাধীন বিপ্লব হিসেবে বর্ণনা করেন।

শুরুতে সরকারি চাকরিতে কোটা আইন সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলেও দ্রুত তা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। দুই মাস পর শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে যান। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছিল, তরুণ বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হন।

এর দুই বছর পর প্রায় চার হাজার মাইল দূরে সার্বিয়ায় আরেকটি আন্দোলনের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা। দেশটির সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বাড়ানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার মাধ্যমে ক্ষমতা সুসংহত করছিল। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলেন। গত মাসের শেষ দিকে দেশটির নির্বাচনে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচকে ক্ষমতাচ্যুত করে তার দলের ১৪ বছরের শাসনের অবসান ঘটান আন্দোলনকারীরা।

বিশ্লেষক কেইট ডালেয়ার ও সেবাস্তিয়ান ডিটগেন সম্প্রতি এক লেখায় বলেছেন, পরিবর্তনের আন্দোলনে শিক্ষার্থী ও তরুণেরা দীর্ঘদিন ধরেই সামনের সারিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন এবং ২০১১ সালের আরব বসন্তের উদাহরণও তারা উল্লেখ করেছেন।

তবে বর্তমান আন্দোলনগুলোর বিশেষত্ব হলো সংগঠিত হওয়ার নতুন অবকাঠামো। টিকটক ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের ক্ষোভ ও দাবিকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে। ডিসকর্ড সার্ভার ও গ্রুপ চ্যাটের মাধ্যমে বিকেন্দ্রীভূতভাবে আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। আবার ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এবং বিকল্প অনলাইন কনটেন্ট ব্যবহার করে ইন্টারনেট বন্ধের মতো বাধাও এড়িয়ে যাচ্ছেন সংগঠকেরা।

ব্রাজিলেও তরুণদের রাজপথের আন্দোলন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সম্মিলিত প্রভাব দেখা গেছে। গত মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রত্যাবর্তনে তরুণদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রথম দফার নির্বাচনে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর দেশটির বামপন্থী শিবিরে হতাশা তৈরি হয়।

এ সময় ফ্লুমিনেন্স ফেডারেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা লুলার পক্ষে মিছিলের আয়োজন করেন। পরে দেশজুড়ে একই ধরনের কর্মসূচি ছড়িয়ে পড়ে। এরপর লুলার ঘনিষ্ঠ মিত্র সংসদ সদস্য আন্দ্রে জানোনেস ‘লুলার আর্মি’ নামে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লুলার পক্ষে প্রচারণা চালাতে আগ্রহী লাখ লাখ মানুষ এতে যুক্ত হন।

নির্বাচনে জয়ের রাতে তরুণদের ভূমিকার স্বীকৃতি দেন লুলা। তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় রাজপথে নামা ব্রাজিলের তরুণদের উদারতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

কিছু রাজনীতিক শুরু থেকেই জেন-জি প্রজন্মকে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মেয়র পদে জোহরান মামদানির প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার এবং প্রায় ৫০ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ দেখা গেছে। এসব স্বেচ্ছাসেবীর বড় অংশই ছিলেন তরুণ। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মামদানির প্রচারণায় স্বেচ্ছাসেবী হওয়া তরুণদের কাছে শুধু রাজনৈতিক অংশগ্রহণ নয়, সামাজিক যোগাযোগেরও একটি মাধ্যম হয়ে উঠেছিল।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিও জেন-জি প্রজন্মের রাজনৈতিক সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছে। ইসরায়েল-গাজা যুদ্ধ, জলবায়ু সংকট এবং জাতীয়তাবাদের উত্থানের মতো ঘটনা তাদের বেড়ে ওঠার সময়ের বাস্তবতাকে প্রভাবিত করেছে। একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার নিয়ম ও কাঠামোও দুর্বল হয়ে পড়ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপের বিভিন্ন দেশেও তরুণদের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে স্কুলশিক্ষার্থীরা উন্নত শিক্ষার পরিবেশের দাবিতে আন্দোলন করছে। স্পেনে তরুণেরা সাশ্রয়ী আবাসনের দাবিতে তাঁবু গেড়ে প্রতিবাদ জানিয়েছেন। জার্মানিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু খাতে আরও বিনিয়োগের দাবিতে হাজারো মানুষ রাজপথে নেমেছেন। ‘জেন-জি রেগেল্ট!’ বা ‘জেন-জিই সব ঠিক করবে’ নামে একটি সংগঠন এ আন্দোলনের আয়োজন করেছে।

প্যারিস স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন আরানচা গনজালেস ইতালির সংবাদপত্র কোরিয়েরে দেলা সেরাকে বলেন, ‘কারণগুলো ভিন্ন হলেও এসব আন্দোলনের পেছনে একই বিষয় কাজ করছে—সামাজিক চুক্তির ভেঙে পড়া। ইউরোপে অর্থনীতি মানুষের কল্যাণ ও সামাজিক সমতা নিশ্চিত করবে—এই ধারণা ভেঙে গেছে।’

ভারতেও ‘ককরোচ’ আন্দোলনের মাধ্যমে তরুণদের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। অনলাইনে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হওয়া এই আন্দোলন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়া এবং গণতান্ত্রিক আদর্শে পরিচালিত এই আন্দোলনের শক্তি গত গ্রীষ্মে স্পষ্ট হয়। আন্দোলনের চাপে দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন।

তবে আন্দোলন দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানও দেখা গেছে। হাজারো আন্দোলনকারীকে আটক, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিপেটার ঘটনা ঘটেছে। গত অক্টোবরে দিল্লির কেন্দ্রস্থলে আন্দোলনকারীদের জমায়েত ঠেকাতে কর্তৃপক্ষ সড়কে ব্যারিকেড বসায়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও গণপরিবহন।

গবেষণায় দেখা গেছে, তরুণদের নেতৃত্বাধীন আন্দোলন অন্য আন্দোলনের তুলনায় বেশি দমন-পীড়নের শিকার হয়। যদিও এসব আন্দোলনে তরুণদের সহিংসতায় জড়ানোর প্রবণতা অন্যদের চেয়ে বেশি নয়।

ফ্রান্সে আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পুলিশের ব্যবহৃত অস্ত্রের আঘাতে কয়েকজন কিশোর এমন ধরনের গুরুতর জখম হয়েছে, যা যুদ্ধক্ষেত্রের আঘাতের মতো। বাংলাদেশে ২০২৪ সালের আন্দোলনের পর জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ওই সময় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের বেশির ভাগই নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া হাজারো মানুষ গুরুতর ও দীর্ঘমেয়াদি শারীরিক ক্ষতির শিকার হয়েছেন।

বিশ্বজুড়ে নাগরিক স্বাধীনতা পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা সিভিকাসের সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, ‘অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার বণ্টন নিয়ে প্রশ্ন তোলার কারণে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনগুলো নিয়মিত রাষ্ট্রীয় সহিংসতার মুখে পড়ছে।’ সংস্থাটি বলেছে, দীর্ঘদিন ধরে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া বিভিন্ন ব্যবস্থা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তরুণদের অবস্থানের কারণেই তাদের ওপর এ ধরনের দমন-পীড়ন চালানো হচ্ছে।

মরক্কোতেও ২০২৫ সালে ‘জেন-জি ২১২’ নামে একটি আন্দোলন হয়। দুর্নীতি, অবহেলিত জনসেবা এবং সুযোগের অভাবের বিরুদ্ধে আন্দোলন করে তরুণেরা। এ ঘটনায় দুই হাজারের বেশি মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং অনেককে কঠোর কারাদণ্ড দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর মেক্সিকোতে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন মানুষ গ্রেপ্তার হন।

এসব আন্দোলনের ফলাফল এক রকম নয়। কোথাও আন্দোলন সফল হয়েছে, কোথাও কঠোর দমন-পীড়নের মুখে পড়েছে। তবে একটি আন্দোলনের অভিজ্ঞতা ও সংগঠিত হওয়ার পদ্ধতি অন্য আন্দোলনকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রে বর্তমান তরুণদের রাজনৈতিক সংগঠনের পেছনে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী আন্দোলনের বড় ভূমিকা রয়েছে। ওই আন্দোলনে হাজারো শিক্ষার্থী গ্রেপ্তার, বহিষ্কার ও সাময়িক বরখাস্তের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাসে প্রতিবাদ ঠেকাতে নতুন নীতিমালা চালু করে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে মতপ্রকাশের স্বাধীনতাও সংকুচিত হয়েছে।

তবে এসব বাধার মধ্যেও শিক্ষার্থীরা পরিবর্তনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত মাসে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ে ভোটকেন্দ্র না দেওয়ার প্রতিবাদে শত শত শিক্ষার্থী প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোটকেন্দ্র পর্যন্ত মিছিল করেন। অন্যদিকে কর্নেল সেভেন মামলা ঘিরে দেশজুড়ে হাজারো শিক্ষার্থী ক্লাস বর্জন, বিক্ষোভ ও বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

হার্ভার্ড কেনেডি স্কুলের এরিকা চেনোওয়েথের মতে, সাম্প্রতিক সময়ে তরুণদের নেতৃত্বে ছড়িয়ে পড়া আন্দোলন বিশ্বরাজনীতিতে ‘এক গভীর প্রজন্মগত পরিবর্তনের’ সূচনা করতে পারে। তার মতে, এ পরিবর্তন বিশ্বজুড়ে গণতন্ত্রের অবনতির প্রবণতা মোকাবিলায় ভূমিকা রাখতে সক্ষম হতে পারে।

তবে এসব আন্দোলনের পেছনের মূল আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন প্যারিসের উত্তরের একটি শহরতলির ১৭ বছর বয়সী শিক্ষার্থী বিলাল নারজিসি। সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘আমরা সবাই একটি বিষয়ে একমত—তরুণদের সঙ্গে অনেক বেশি শিশুর মতো আচরণ করা হয় এবং তাদের কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনা হয় না।’ 

নেশন্স লিগের আগে পর্তুগাল দলে নতুন চমক নাজিনহো
  • ০৯ নভেম্বর ২০২৬
এক নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির, হাসপাতাল ছেড়ে বাড়ি চলে …
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আটক দুজনের পরিচয় মিলল
  • ০৯ নভেম্বর ২০২৬
সততা ও সৈনিকদের আস্থায় সংকটকালের নায়ক জিয়া
  • ০৯ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আটক ১
  • ০৯ নভেম্বর ২০২৬
বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950