মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত
ইরানের ওপর আজ রবিবার হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পরিস্থিতি এড়াতে তেহেরান সামনে চুক্তির সুযোগও রয়েছে। এতে ইরানকে ঘিরে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর আল জাজিরার
শনিবার (২৪ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র আগামীকালই ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে বড় কোনো চুক্তি হলে এই সামরিক অভিযান এড়িয়ে যাবে ওয়াশিংটন।
সম্ভাব্য হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা এটা করার কথা ভাবছি, এবং সম্ভবত আগামীকালই।’ তবে সামরিক পদক্ষেপের বিষয়ে আগাম কিছু জানাবেন কি না, সে প্রশ্নে তিনি বলেন, ‘তুমি কি সত্যিই ভাবো, আমি এটা করলে তোমাকে জানাব?’
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছালে ইরান নতুন করে হামলা এড়াতে পারে। তবে তেহরান কোনো চুক্তি করলেও তা মেনে চলবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই তার লক্ষ্য বলে জানান ট্রাম্প। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো মার্কিন অভিযানও এ লক্ষ্য স্থায়ীভাবে নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেছেন, ‘আমাকে এটা স্থায়ী করতেই হবে।’
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধ শুরুর আগের তুলনায় বেড়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ বিষয়ে কোনো পরিসংখ্যান দেননি তিনি।
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট করে কিছু না জানিয়ে ট্রাম্প বলেন, সামরিক অভিযান চালানো কিংবা সমঝোতায় পৌঁছানো দুই সম্ভাবনাই রয়েছে। তার দাবি, যে পথেই পরিস্থিতির অবসান হোক, যুক্তরাষ্ট্রই জয়ী হবে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা চললেও সংকটের স্থায়ী সমাধান হয়নি। এর মধ্যেই ট্রাম্পের নতুন হামলার হুঁশিয়ারি সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।