ভারতের উত্তরপ্রদেশ
এক দম্পতির মরদেহ উদ্ধার © সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে স্বামীকে গাছে ঝুলন্ত এবং স্ত্রীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। তাদের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। খবর আনন্দবাজার
ঘটনাটি আরও রহস্যময় করে তুলেছে স্বামীর পরনে স্ত্রীর সালোয়ার এবং স্ত্রীর অর্ধনগ্ন অবস্থায় মরদেহ উদ্ধারের বিষয়টি।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দম্পতি সোমবার সকালে জালালপুর কাজী গ্রামের কাছে একটি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিলেন। এরপর তারা আর বাড়ি ফেরেননি। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে তারা পুলিশের কাছে যান।
মঙ্গলবার সকালে পুলিশ জালালপুর কাজী গ্রামের ওই এলাকায় তল্লাশি শুরু করে। প্রথমে গঙ্গার তীরে একটি গাছের সঙ্গে দুপাট্টা দিয়ে বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ পাওয়া যায়। তার পরনে ছিল স্ত্রীর সালোয়ার।
ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুজনের মরদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।