বন্যায় ভেসে এলো টাকার সিন্দুক, খুলতেই মিলল ৯২ লাখ রুপি!

২৯ আগস্ট ২০২৬, ০১:৫৮ PM
 নেপালে বন্যায় ভেসে এলো সিন্দুক

নেপালে বন্যায় ভেসে এলো সিন্দুক © সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে আসা একটি সিন্দুক খুলে পাওয়া গেছে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। সিন্দুকটি ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ ২৯ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে দেশটির ধাদিং জেলায়। পুলিশ জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর রাসুওয়ার ভোতেকোশি এলাকায় বন্যার পানিতে সিন্দুকটি ভেসে যায়। পরে সেটি ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীরে পাওয়া যায়।

ধাদিং পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে গেছেন—এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

প্রাথমিক তল্লাশির সময় ২৯ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বেশির ভাগই গালছি-৪ এলাকার মাস্তার এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন গালছি-৬-এর আদমঘাট এবং সিদ্ধলেখ-৭-এর আদমতার এলাকার বাসিন্দা। অন্যদের বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও তারা বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন।

উদ্ধার করা টাকার উৎস কোথায়, তা খতিয়ে দেখছে পুলিশ। সিন্দুকটি কার এবং এর ভেতরে থাকা টাকা কোথা থেকে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে নেপালে বন্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণী নদীতে বন্যার পানিতে ভেসে যাওয়া ওই নারীর মরদেহ থেকে দুজন সোনার দুল খুলে নিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।

এদিকে শনিবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভয়াবহ বন্যায় হতাহত ও নিখোঁজের নতুন হিসাব প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, দেশটিতে এখনো ২ হাজার ৪২৬ জন নিখোঁজ রয়েছেন। নিশ্চিতভাবে নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ হিসাব অনুযায়ী, শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। একদিনের ব্যবধানে নিখোঁজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনই রয়েছে।

বন্যার তিন দিন পর এই নতুন হিসাব প্রকাশ করা হয়। দেশটির বিভিন্ন এলাকায় এখনো নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬