মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর রাখি’ বললেন জয়সওয়াল

২৯ আগস্ট ২০২৬, ১২:২৮ AM
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল © সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত এই চুক্তিতে বাংলাদেশ যুক্ত হওয়ার প্রস্তাব পেলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।’

গতকাল সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে দেখবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে সরকার তা ইতিবাচকভাবে নেবে।

বাংলাদেশের এমন অবস্থান নিয়ে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যটি তাঁর দৃষ্টিগোচর করেন।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর সার্বক্ষণিক নজর রাখি।’

এ সময় রংপুরে এক শিক্ষক ও তাঁর স্ত্রী-সন্তানদের হত্যা নিয়েও প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবিও কথা বলেছেন। তিনি জানান, বাংলাদেশ এ চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বা আগ্রহ প্রকাশ করলে পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করবে।

বৃহস্পতিবার সাংবাদিকদের তাহির আন্দ্রাবি বলেন, ‘এটি হলো একটি প্রতিরক্ষামূলক কাঠামো। যার লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।’

তিনি আরও বলেন, ‘একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এই চুক্তিতে সেসব দেশ যোগ দিতে পারবে যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে প্রতি একই অঙ্গিকার ব্যক্ত করে।’

বাংলাদেশকে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো দেশ এতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে।

তবে চুক্তিটি বর্তমানে একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে বলেও জানান তাহির আন্দ্রাবি।

বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত…
  • ২৯ আগস্ট ২০২৬