যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

২১ আগস্ট ২০২৬, ০৭:০৯ PM
প্রতীকী বিমান

প্রতীকী বিমান © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি দুর্গম সামরিক ঘাঁটির কাছে একটি বেসামরিক চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা আটজনের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের কিছু পর বিমানটি বিধ্বস্ত হয়। আলাস্কার কেপ নিউএনহামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় মার্কিন বিমানবাহিনীর একটি দীর্ঘপাল্লার রাডার স্থাপনা রয়েছে।

বিমানটিতে কারা ছিলেন বা কী কারণে তারা সেখানে যাচ্ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মার্কিন বিমানবাহিনীর আলাস্কা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেছেন, নিহতরা ‘কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা নিবেদিতপ্রাণ পেশাজীবী’ ছিলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যেসব জনগোষ্ঠীর সেবা করি, তাদের জন্য একটি ভয়াবহ ক্ষতি।’

তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের সর্বাত্মক সহযোগিতা করাই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

উদ্ধার ও অনুসন্ধান কাজে নিয়োজিত কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রবার্ট ডেভিস। তিনি বলেন, ‘আমরা আমাদের অনুসন্ধান ও উদ্ধারকর্মীদের দ্রুত ও নিরলস প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’

মার্কিন বিমানবাহিনীর আলাস্কা কমান্ড জানিয়েছে, বিমানটি অ্যাঙ্কোরেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এর গন্তব্য ছিল কেপ নিউএনহাম। আকাশপথে অ্যাঙ্কোরেজ থেকে এটি প্রায় ৪৫০ মাইল বা ৭২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছে অবতরণ করেন। পরে তারা নিশ্চিত করেন, বিমানে থাকা আটজনের কেউই বেঁচে নেই।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিহতদের স্বজনদের অবহিত করার পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

আলাস্কার দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত কেপ নিউএনহামের এই স্থাপনাটি আলাস্কা রাডার সিস্টেমের অংশ। এটি বেশ কয়েকটি দুর্গম রাডার স্থাপনার একটি নেটওয়ার্ক। এসব স্থাপনার মাধ্যমে আলাস্কার আকাশসীমায় প্রবেশকারী বা সেখানে চলাচলকারী বিমান পর্যবেক্ষণ করা হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬