মোদির ভিডিও বিতর্কে জাকারবার্গকে ক্ষমা চাইতে ৩ দিন সময় দিল সংসদীয় কমিটি

০৫ আগস্ট ২০২৬, ০৪:৪৩ PM
 জাকারবার্গ

জাকারবার্গ © সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক রিল সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে ভারতের সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক স্থায়ী কমিটি। একই সঙ্গে কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হবে।

বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে সংসদীয় কমিটি। চলতি সপ্তাহে মেটাসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিশিকান্ত দুবের দাবি, প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দিয়ে মেটা নিরপেক্ষ মধ্যস্থতাকারী (ইন্টারমিডিয়ারি) হিসেবে নয়, বরং একজন প্রকাশকের (পাবলিশার) মতো আচরণ করেছে।

তিনি বলেন, ‘সংসদীয় কমিটি ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছে যে, প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলা কোনো ইন্টারমিডিয়ারির কাজ নয়, এটি একজন প্রকাশকের ভূমিকা। তাই মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। তিনি যদি তা না করেন, তাহলে মেটাকে দেওয়া সেফ হারবার সুরক্ষা প্রত্যাহার করা হবে।’

এর আগে সোমবার সংসদীয় কমিটির বৈঠকেও একই অবস্থান তুলে ধরেন নিশিকান্ত দুবে। তার ভাষ্য, প্রধানমন্ত্রীর ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনা প্রমাণ করে, মেটা নিরপেক্ষ ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করেনি।

তিনি এর আগেও সতর্ক করে বলেছিলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ ধারা অনুযায়ী ইন্টারমিডিয়ারিদের যে 'সেফ হারবার' আইনি সুরক্ষা দেওয়া হয়, মেটা সেই সুবিধা হারাতে পারে। এই সুরক্ষা থাকলে ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টের জন্য সাধারণত প্ল্যাটফর্মকে সরাসরি দায়ী করা হয় না।

বিতর্কের শুরু ২৩ জুলাই প্রকাশিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক রিলকে ঘিরে। ওই ভিডিওতে তিনি সারা দেশে চলা NEET-UG প্রশ্নফাঁস–বিরোধী আন্দোলন নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনার ঘোষণা দেন।

পরে ২৮ জুলাই ভিডিওটি প্রায় পাঁচ ঘণ্টার জন্য ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়। এরপর সেটি আবার পুনরায় চালু করা হয়।

ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এ ঘটনার জন্য মার্ক জাকারবার্গের প্রকাশ্যে ক্ষমা দাবি করে।

সোমবার সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত মেটার এক কর্মকর্তা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, তিনি জানান, একটি অ্যালগরিদমিক ত্রুটির কারণে ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল।

ওই কর্মকর্তা সংসদীয় কমিটিকে আশ্বস্ত করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে মেটা তাদের প্রযুক্তিগত ব্যবস্থা ও অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনবে।

রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬
নেইমারকে ‘জোকার’ বললেন রেমোর সভাপতি
  • ০৫ আগস্ট ২০২৬