চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করতেন ক্যালিফোর্নিয়ার মেয়র, স্বীকারোক্তি দিয়ে ছাড়লেন পদ

১২ মে ২০২৬, ০৩:৪১ PM
ক্যালিফোর্নিয়ার আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াং

ক্যালিফোর্নিয়ার আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াং © সংগৃহীত

চীনের হয়ে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে পদত্যাগ করেছেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আর্কাডিয়া শহরের মেয়র আইলিন ওয়াং। সোমবার (১১ মে) মার্কিন বিচার বিভাগ (ডিওজে) তার বিরুদ্ধে অভিযোগ আনার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন। ৫৮ বছর বয়সি আইলিন ওয়াং তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের দায় স্বীকার করতে রাজি হয়েছেন। এই অপরাধে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। খবর গার্ডিয়ানের 

এ বিষয়ে সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি এক বিবৃতিতে বলেন, যারা আমাদের দেশে গোপনে বিদেশি সরকারের আজ্ঞা পালন করে, তারা আমাদের গণতন্ত্রকে দুর্বল করে। চীনের এই অনৈতিক প্রভাব বিস্তার থেকে দেশকে রক্ষা করার ক্ষেত্রে এই স্বীকারোক্তি একটি বড় সাফল্য।

বিচার বিভাগের তথ্যমতে, আইলিন ওয়াং এবং চিনো হিলসের বাসিন্দা ইয়াওনিং মাইক সান (৬৫) মিলে ইউএস নিউজ সেন্টার নামে একটি ওয়েবসাইট চালাতেন। স্থানীয় চীনা-আমেরিকান সম্প্রদায়ের সংবাদমাধ্যম হিসেবে এটি পরিচিত থাকলেও আদতে এই সাইটটি ব্যবহার করে বেইজিংয়ের স্বার্থে চীনপন্থি প্রোপাগান্ডা ছড়ানো হতো। 

২০২২ সালের নভেম্বরে সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছিলেন ওয়াং। তবে আর্কাডিয়া শহর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে উঠে আসা অপরাধগুলো ওয়াং নির্বাচিত হওয়ার আগের। অবশ্য শহরের সিটি ম্যানেজার ডমিনিক লাজারেটো এক বিবৃতিতে জানান, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর বিদেশি সরকারের প্রভাব বিস্তারের এই অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক হলেও এর সঙ্গে শহরের দাপ্তরিক কোনো সিদ্ধান্তের সম্পর্ক নেই।

তদন্তে আরও জানা গেছে, ২০২১ সালের জুনে একটি এনক্রিপ্টেড উইচ্যাট গ্রুপে চীনা কর্মকর্তারা ওয়াংকে আগে থেকে লিখে রাখা প্রতিবেদন পাঠাতেন। সেখানে শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর চালানো গণহত্যাকে অস্বীকার করে প্রোপাগান্ডা ছড়ানো হতো। বার্তা পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ওয়াং সেই লেখাটি তার নিউজ সাইটে প্রকাশ করে চীনা কর্মকর্তাকে লিংক পাঠিয়ে দিতেন। 

এছাড়া ২০২১ সালের নভেম্বরে সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেন  ওয়াং  এবং তাদের নির্দেশিত সংবাদ প্রকাশ করেন। উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে জড়িত জন চেন এবং মাইক সান— উভয়েই ইতোমধ্যে নিজেদের দোষ স্বীকার করেছেন। জন চেনকে ২০ মাসের কারাদণ্ড এবং সানকে চলতি বছরের ফেব্রুয়ারিতে চার বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

আর্কাডিয়া সিটি কাউন্সিল জানিয়েছে, তাদের পরবর্তী বৈঠকে অবশিষ্ট সদস্যদের মধ্য থেকে নতুন মেয়র নির্বাচন করা হবে।

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬