ভারত মহাসাগরে চীনগামী ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ PM
ভারত মহাসাগরে চীনগামী ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ভারত মহাসাগরে চীনগামী ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র © সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় ভারত মহাসাগরে একটি বিশাল ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ‘অ্যাকুইলা–২’ নামের জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবীয় সাগর থেকেই অ্যাকুইলা–২ জাহাজটিকে নজরদারিতে রেখেছিল মার্কিন নৌবাহিনী।

এক্স পোস্টে পিট হেগসেথ বলেন, ‘যখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের কথা বলে, তখন তা গুরুত্ব দিয়েই বলে। সোমবার রাতভর ভারত মহাসাগর অঞ্চলে অভিযান চালিয়ে অ্যাকুইলা–২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করা হয়েছে।’ তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার ট্যাংকারগুলোকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অমান্য করেই অ্যাকুইলা–২ এগিয়ে যাচ্ছিল। উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করা হয়।

পোস্টে হেগসেথ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আকাশপথ, স্থলপথ বা জলপথ— কোনো ক্ষেত্রেই কেউ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীকে উপেক্ষা করে পার পাবে না। যারা বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নেবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকুইলা–২ একটি ‘সুয়েজম্যাক্স’ শ্রেণির ট্যাংকার। এই ধরনের ট্যাংকার একবারে প্রায় ১০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম। জাহাজটির মালিক ভেনেজুয়েলার সরকার এবং জব্দের সময় এতে প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল।

এএফপি জানায়, অ্যাকুইলা–২-এর নেতৃত্বে ভেনেজুয়েলা থেকে একটি জাহাজবহর চীনের দিকে যাচ্ছিল। জাহাজটি জব্দ হওয়ার পর বহরের অন্যান্য জাহাজ আবার ভেনেজুয়েলার দিকে ফিরে গেছে। [সূত্র: এএফপি]

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬