সুপার সাইক্লোনে রূপ নিতে পারে অর্ণব, আঘাত হানতে পারে যে অঞ্চলে

২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ PM
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব © সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি দ্রুত বাড়ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) সর্বশেষ তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি জানান, গত ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড় অর্ণব ব্যাপক শক্তি অর্জন করেছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে এটি অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এ সময় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ২১৩ কিলোমিটার এবং দমকা হাওয়াসহ সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির চারপাশে প্রায় ৩৮ ফুট উচ্চতার ঢেউ তৈরি হয়েছে। ঝড়টি ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ রেকর্ড করা হয়েছে ৯৪৭ মিলিবার। মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র কলকাতা বন্দর থেকে প্রায় ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জিপিএম এবং জাপানের হিমাওয়ারি-৯ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

গবেষক মোস্তফা কামাল পলাশের আশঙ্কা, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার ভোর ৬টার মধ্যে ঘূর্ণিঝড় অর্ণব সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। এ সময় এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। তাঁর ধারণা, উপকূলে আঘাত হানার সময়ও ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ শক্তিতে থাকতে পারে।

পোস্টে তিনি উল্লেখ করেন, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ নটিক্যাল মাইল বা ২২২ কিলোমিটারের বেশি হলে ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন হিসেবে বিবেচনা করা হয়।

মোস্তফা কামাল পলাশের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সকাল ৯টার মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের দক্ষিণ দিকের উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে।

ময়মনসিংহে লুট হওয়া মালামালসহ ৮ ডাকাত গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাকার গুলশান অফিসে এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার হাই-ট…
  • ২৭ অক্টোবর ২০২৬
৬ ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমার
  • ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে হারের পরদিনই ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থীর দেশত…
  • ২৭ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীপ্রতি ব্যয় ১৮ লাখ, এরপরও যদি বিশ্ববিদ্যালয়ের ৩২% …
  • ২৭ অক্টোবর ২০২৬