কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন। © সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার এই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি, পাইপ ও প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম নেওয়া হয়েছে। সব প্রস্তুতি শেষে শনিবার (১৪ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে কারিগরি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই লরি ও ক্রেনের মাধ্যমে ভারী সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছানোর কাজ শুরু হয়। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরপরই নিয়ন্ত্রিত খনন ও গ্যাস উত্তোলনের কারিগরি প্রক্রিয়া শুরু করা হবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছেন। বাপেক্সের উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করে গ্যাসের চাপ, প্রবাহ ও ভূগর্ভের গঠন বিবেচনায় নিরাপদ উত্তোলন পদ্ধতি নির্ধারণে কাজ করছে।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন বলেন, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ মোটামুটি স্থিতিশীল পাওয়া গেছে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এবং পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুত থাকতে পারে। টানা ১৮ দিন ধরে প্রায় একই চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টি সম্ভাব্য বড় মজুদের ইঙ্গিত দিচ্ছে। তবে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রকৃত মজুত এবং বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বর্তমানে দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি, যার মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত হলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। এমনটি হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আগুন ধরে যায়। এরপর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে।