রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সমাধান, দুপুরে আসছে ইউরেনিয়ামও

০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩২ PM
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র © সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সেফটি ভাল্বের সমস্যা সমাধান হয়েছে। ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (পিআরওভি) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এদিকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বৃহস্পতিবার সকালে পিআরওভি ভাল্বের সমস্যা সমাধানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া ভাল্বের পরীক্ষা বুধবার রাত পর্যন্ত চলে। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—দুই জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। প্রথমে কন্ট্রোল ভাল্বগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। সেগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর মূল সেফটি ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়।

পরীক্ষার সময় ভাল্বের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত পরামিতি পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে বলে জানান এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি আরও জানান, পরীক্ষা শুরুর আগে ও চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়েছে।

ড. জায়েদুল হাসান বলেন, পিআরওভি পরীক্ষার সফল সমাপ্তি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত।

কমিশনিং কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরীক্ষা প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং ও নিরাপত্তা শর্ত নিশ্চিত হওয়ার পর পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে গিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে আরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে প্রতিটি পর্যায় যাচাই করে পরবর্তী কার্যক্রমে এগোচ্ছে।

এর আগে সেফটি ভাল্বের ত্রুটির কারণে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যায়। সমস্যা সমাধানে রাশিয়া সরকারের সঙ্গে আলোচনার পর গত ২২ সেপ্টেম্বর দেশটি থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল রূপপুরে আসে। বাংলাদেশি ও রুশ বিশেষজ্ঞদের প্রচেষ্টায় ভাল্বের সমস্যা সমাধান হয়েছে বলে জানান এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক।

রূপপুরের প্রথম ইউনিট চালুর লক্ষ্যে এর আগে দ্বিতীয় ইউনিট থেকে একটি পাইলট-অপারেটেড রিলিফ ভাল্ব (পিআরওভি) প্রথম ইউনিটে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল রাশিয়ার পরমাণু প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এএসই।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের সরবরাহ আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ পুরো সরবরাহ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।

চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, একাধিক ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে আনা হবে। এনপিসিবিএলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সাধারণত জ্বালানিবাহী ফ্লাইট বৃহস্পতিবার রাতে বাংলাদেশে পৌঁছায়। এরপর বিশেষ নিরাপত্তায় পরদিন সকালে জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হয়।

সে হিসাবে বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রথম চালান ঢাকায় পৌঁছানোর পর শুক্রবার (২ অক্টোবর) বিশেষ নিরাপত্তায় সড়কপথে ঈশ্বরদীর রূপপুর প্রকল্প এলাকায় দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর কথা রয়েছে।

রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬