বিদ্যুৎ সরবরাহ লাইন © সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ ও ৩৩ কেভি সোর্স লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই দিনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশকিছু এলাকায় সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও নাটোরের বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-২ (তালশো) উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালার ডালপালা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপকেন্দ্রটির আওতাধীন সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বড়াইগ্রাম পৌরসভা, বড়াইগ্রাম ইউনিয়ন, জোনাইল ইউনিয়ন, নগর ইউনিয়নের আংশিক এলাকা এবং গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
এছাড়াও নেসকো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এই এলাকাগুলো হলো- তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, ধরমপুর, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড, বটতলা ও তৎসংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলেও জানানো হয়েছে।