২৫১ ক্যামেরা বসিয়েও জাবিতে নিশ্চিত হয়নি নিরাপত্তা নজরদারি

১৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ PM
জাবি ক্যাম্পাসে বসানো সিসি ক্যামেরা

জাবি ক্যাম্পাসে বসানো সিসি ক্যামেরা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে ২৫১টি ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হলেও সেগুলো পরিচালনা ও ফুটেজ পর্যবেক্ষণের জন্য নেই স্থায়ী কোনো অপারেটর। ফলে ক্যাম্পাসে চুরি, ছিনতাই, হামলাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে জটিলতায় পড়তে হচ্ছে প্রশাসনকে। প্রয়োজনের সময় বাইরের ব্যক্তির সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এতে ক্যাম্পাসের নিরাপত্তা নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
‎
‎জানা গেছে, প্রশাসনিক ভবন, শহীদ মিনার, বিভিন্ন অনুষদ ও ক্যাম্পাসের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে এসব সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তবে সার্বক্ষণিক নজরদারি ও ফুটেজ পর্যালোচনার জন্য এখনো স্থায়ী কোনো জনবল বা মনিটরিং সেল গড়ে ওঠেনি। কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে প্রযুক্তি প্রতিষ্ঠানের সহায়তায় ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করতে হয়। এতে জরুরি সময়ে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
‎
‎সম্প্রতি এমন পরিস্থিতির মুখোমুখি হন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আরাফাত হোসেন। তিনি বলেন, গতকাল তার এক বন্ধুর সাইকেল শহীদ সালাম-বরকত হলের সামনে থেকে চুরি হয়। ঘটনার ১০ মিনিটের মধ্যে তারা প্রক্টর অফিসে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তের অনুরোধ করেন। তবে সেখানে ফুটেজ দেখার মতো দায়িত্বপ্রাপ্ত কেউ নেই বলে জানানো হয়। ফলে তাৎক্ষণিকভাবে ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করা সম্ভব হয়নি।
‎
‎এ বিষয়ে ইংরেজি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী সজীব বলেন, ‘কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ে একটি ইভেন্ট পরিচালনা করেছি। ইভেন্টের পর কিছু সরঞ্জাম নতুন কলা ভবনের সামনে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে দেখি সরঞ্জামগুলো সেখানে নেই। এরপর প্রক্টর বরাবর অভিযোগ করে সিসিটিভি ফুটেজ চেক করতে গেলে জানতে পারি, সিসিটিভি ফুটেজ পরিচালনায় দক্ষ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কেউ নন, বাইরে থেকে তাকে আসতে হবে।’
‎
‎তিনি আরও বলেন, ‘এত বিশাল একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অথচ সেগুলো পরিচালনার জন্য একজনও নিজস্ব সিসিটিভি অপারেটর নেই বিষয়টি অদ্ভুত। আবার নতুন কলাভবনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। এগুলোও জরুরি ভিত্তিতে প্রয়োজন।’
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অর্গানোগ্রাম (জনবল কাঠামো) অনেক আগের। তখন সিসিটিভি ক্যামেরার মতো প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার জন্য আলাদা কোনো পদ ছিল না। ফলে নতুন অপারেটর নিয়োগ দিতে হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ও পদ সৃষ্টি প্রয়োজন। গত দুই বছরে এ ধরনের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়নি।
‎
‎তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন অর্গানোগ্রাম তৈরির কাজ শুরু করেছে। এটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্গানোগ্রামটি ইউজিসিতে পাঠানোর পর প্রয়োজনীয় পদ পাওয়া গেলে নিয়োগ দেওয়া সম্ভব হবে। তবে এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। স্বল্পমেয়াদে জরুরি ভিত্তিতে নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তাকর্মী ও সিসিটিভি ক্যামেরা পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল আনার চেষ্টা চলছে। এ বিষয়ে ইউজিসিতে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পিরোজপুরে ডাকাতির প্রস্তুতি, ধাওয়া খেয়ে ঝালকাঠিতে এসে আটক ৮
  • ১৮ নভেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্ব রেকর্ড
  • ১৮ নভেম্বর ২০২৬
বেতন বাড়াতে চান? বসকে রাজি করানোর ৮টি কার্যকর কৌশল
  • ১৮ নভেম্বর ২০২৬
২৫১ ক্যামেরা বসিয়েও জাবিতে নিশ্চিত হয়নি নিরাপত্তা নজরদারি
  • ১৮ নভেম্বর ২০২৬
দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
  • ১৮ নভেম্বর ২০২৬